সাংবাদিক ফারজানা রূপাকে হত্যার হুমকি
ঢাকা: একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি ফারজানা রূপা ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে 'আনসারুল্লাহ বাংলা টিম'। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের ছবিসহ প্রতিবেদন প্রকাশের পর তাকে এ হুমকি দেয়া হয়। নিষিদ্ধ ঘোষিত এ জঙ্গি সংগঠনের রাজশাহী শাখার সহকারী পরিচালক দাবি করে এক ব্যক্তি ফারজানা রূপার ফেসবুকে একাধিক বার্তায় হুমকি দেন বলে জানা যায়।
পহেলা বৈশাখে টিএসসিতে নারী নির্যাতনের ঘটনা নিয়ে একাত্তর টিভিতে প্রচারিত প্রতিবেদনে ফারজানা রূপা সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজন সন্দেহভাজনকে শনাক্ত করেন। পুলিশের সরবারহ করা ১ ঘণ্টার ওই ফুটেজে ফারজানা দেখান পাঞ্জাবি পরিহিত ও মুখে গোঁফহীন দাড়িওয়ালা এক ব্যক্তি বার বার একই জায়গায় ঘুরছিল। এসময় মাথায় পট্টি বাধা আরও কয়েক ব্যক্তিকে একই জায়গায় দেখা যায়।
প্রতিবেদনে দেখা যায়, কাছাকাছি সময়ে তিনটি যৌন হয়রানির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনারয় ওই ব্যক্তিকে দেখা যায়। সঙ্গে ছিল মাথায় পট্টি পরা ব্যক্তিদের দলটিও। তবে প্রতিবেদনে সন্দেহভাজন পাঞ্জাবি পরিহিত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে উল্লেখ করা হয়।
ফারজানা রূপা প্রতিবেদনে বলেন, সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটের দিকে দুই নারীকে এই ফুটেজে আসতে দেখা যায়। তখন পুরুষরা দুই নারীকে আলাদা করে ফেলেন। নারীদের গায়ে হাত দিয়ে তাদের ওপর যৌন আক্রমণ চালায়। এসময় পাঞ্জাবি পরিহিত উক্ত ব্যক্তিকেও দেখা যায়। মাথায় পট্টি বাধা দলটিও সেখানে ছিল। পরের মিনিটে আরেকটি যৌন নিপীড়নের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও একই ব্যক্তিদের দেখা যায়।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








