বরিশালে ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে নিহত ৬, আহত ৫
বরিশাল: বরিশাল নগরের কাশিপুরের বাঁশতলায় ট্রাক-মাহেন্দ্র সংঘর্ষে দুই নারীসহ ছয় যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচ জন। নিহত ও আহতরা সবাই মাহেন্দ্রের (অটোরিকশা) যাত্রী বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ওই মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বরিশাল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলাউদ্দিন জানান, নিহত পাঁচজনের মধ্যে দু’জন নারী রয়েছেন।
তবে চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হতাহতদের নাম জানা যায়নি। আহতদের ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, সকালের দিকে বরিশাল থেকে একটি ট্রাক গড়িয়ার পাড়ের দিকে যাচ্ছিল। ট্রাকটি কাশিপুরের ডেইরি ফার্মের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ মাহেন্দ্র যাত্রী নিহত হয়। হাসপাতালে নেবার পর আরো একজনের মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
মেট্রোপলিটন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই নারীসহ পাঁচ জনের লাশ উদ্ধার করে শেবাচিম ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে আধা ঘন্টার মতো যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফই/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








