রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু
ঢাকা: রাজধানীর মিরপুর মাজার রোডে রিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে নার্গিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের স্বামীর নাম আলমগীর হাওলাদার। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের সন্তোষপুর।
নিহতের ছেলে আরিফ জানায়, “ তার মা বুধবার সকালে তার বোনকে নিয়ে সাভারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাসে মিরপুর মাজার রোডে এসে নামেন। পরে রিকশায় করে বাসায় ফেরার পথে মিরপুর মাজার রোডে রিকশার চাকার সাথে ওড়না গলায় পেঁচিয়ে যায়। এ সময় তিনি রিকশা থেকে পড়ে জ্ঞান হারান। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় সেলিনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নটার সময় তার মৃত্যু হয়। নিহত নার্গিস বেগম হাজারীবাগের কোম্পানিঘাট এলাকায় থাকতেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এএইচকে/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








