রামপুরায় ভবন দেবে একই পরিবারের ৪জনসহ নিহত ৫
ঢাকা: রামপুরায় ঝিলপাড়ে টিনশেড দোতলা বাড়ি দেবে গিয়ে ৫ জন নিহত হয়েছেন। বুধবার বিকেলের এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন আখের রস বিক্রিতা নিজাম উদ্দিন নিজাম (৪৫) ও রিক্সাকচালক মিজানুর রহমান (২৫)। নিজামের পরিবারের আরও ৩জন নিহত হয়েছেন। দেবে যাওয়া বাড়িটিতে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশ কয়েকজন আটকা পড়ে আছেন। দমকলকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
৪ জনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রামপুরা থানার এসআই জিয়ারত নিউজবাংলাদেশ.কমকে জানান, নিহত একই পরিবারের ৪ জন হলেন নিজাম উদ্দিন নিজাম (৪৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪০), ছেলের বউ রুকসানা (২০) ও ভগ্নিপতি হারুন-অর-রশিদ হারুন (৫০)। অপরজন হলেন রিক্সাচালক মিজানুর রহমান (২৫)।
নিহত নিজাম বরগুনা সদরের খেজুরতলা গ্রামের মেসের খাঁর ছেলে এবং মিজান ঝালকাঠির রাজাপুরের আটাখোলা গ্রামের সাবিল খাঁর ছেলে।
স্থানীয়রা জানান, রামপুরার বউবাজার এলাকার আদর্শপাড়ায় ওই দোতলা টিনশেড বাড়িটা পানির উপরে নির্মাণ করা হয়। বিকাল ৩টার দিকে বাড়িটি হঠাৎ দেবে যেতে শুরু করে। নিজাম ও মিজান নিচতলায় থাকতেন। তারা দুপুরে বাসায় ভাত খেতে এসে এই মর্মান্তিক মৃত্যুর মুখে পড়েন।
নিজামের ছেলে সবুর ও বোন শাহনাজ জানান, আখের রস বিক্রেতা নিজাম দুপুর পৌনে দুইটার দিকে ভাত খেতে বাসায় যান। যখন তিনি ভাত খাচ্ছিলেন তখনি বাড়িটি দেবে যেতে থাকে।
আমাদের ঢামেক করেসপন্ডেন্ট জানান, ঢামেক মর্গে নিজাম, কল্পনা, রুকসানা ও মিজানের মরদেহ রাখা আছে।
ফায়ার ব্রিগেডের চারটি ইউনিট উদ্ধার কাজে রয়েছে। সর্বশেষ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, আরও ২ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে।
উপস্থিত লোকজনের মতে, আরও লাশ উদ্ধার হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/একে
নিউজবাংলাদেশ.কম








