News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫

মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

মগবাজার ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণে যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সিয়াম (২১)। তিনি মগবাজার জাহিদ কার ডেকোরেশনের কর্মী ছিলেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মিডিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিস্ফোরণের সময় সিয়াম ফ্লাইওভারের নিচে ফুটপাতে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। হঠাৎ ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি শক্তিশালী ককটেল নিক্ষেপ করে। ককটেলটি সরাসরি সিয়ামের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এই বিষয়ে তেজগাঁও বিভাগের হাতিরঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ককটেল বিস্ফোরণ। নিহতের বাড়ি খুলনা। তিনি নিকটবর্তী একটি অফিসে কাজ করতেন।

আরও পড়ুন: ৩৬ ঘণ্টার জন্য ঢাকায় আতশবাজি ও ফানুস নিষিদ্ধ

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ উপস্থিত রয়েছে। বিষয়টি তদন্তাধীন। বিস্ফোরণটি মগবাজার মিডিয়া গলির কাছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে ঘটেছে। এলাকাটি সাধারণত মিডিয়াকর্মীদের আড্ডাস্থল হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় সিয়াম মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আঘাতের কারণে তার মৃত্যু ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে তৎপর।

এদিকে, পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়