নূর হোসেনের কারাবাসের মেয়াদ ৩ মাস বাড়লো
ঢাকা: নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় অভিযুক্ত নূর হোসেনের কারাবাসের মেয়াদ আরও ৩ মাস বাড়ানো হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের মামলায় চার্জগঠন না হওয়ায় এ মেয়াদ বাড়ানো হয়েছে। চার্জগঠনের জন্য ২২ জুলাই পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনার চার্জশিটে নিজের নাম থাকার কথা শুনেছেন দমদম কারাগারে বন্দি থাকা নূর হোসেন। বুধবার সকালে বারাসত আদালতে প্রিজন ভ্যান থেকে নেমে সহযোগী ওয়াদুজ্জামানকে তিনি এ কথা জানান।
বারাসত আদালতে বুধবার নূর হোসেন এবং তার দুই সহযোগীর ভারতে অবৈধ প্রবেশ মামলার চার্জগঠন হওয়ার কথা থাকলেও জামিনে মুক্ত খান সুমন অনুপস্থিত থাকায় তা হয়নি। ১৩ মার্চ সকালে নূর হোসেন এবং তার দুই সহযোগী খান সুমন ও ওয়াদুজ্জামান বারাসত আদালতে উপস্থিত হলেও সেদিন বিচারক প্রবির কুমার মিশ্র আদালতে অনুপস্থিত থাকায় অবৈধ প্রবেশ মামলার চার্জগঠন হয়নি। চার্জগঠনের জন্য এই মামলার পরবর্তী দিন পড়েছিল বুধবার (২২এপ্রিল)।
খান সুমনের আইনজীবী অনুপ কুমার ঘোষ বলেন, ‘আমার মক্কেল খান সুমন অসুস্থ থাকায় বুধবার আদালতে উপস্থিত হতে পারেননি। আগামী দিনে চার্জগঠনের সম্ভাবনা আছে।’
এর আগে গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামি নূর হোসেনকে তার দুই সহযোগীসহ ১৪ জুন কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ।
গত বছরের ১৮ আগস্ট নূর হোসেন, খান সুমন ও ওয়াদুজ্জামান সেলিমের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে বারাসত আদালতে। খান সুমন ও ওয়াদুজ্জামান বর্তমানে জামিনে মুক্ত। তারা কলকাতার উল্টোডাঙ্গার কাছে বাসা ভাড়া নিয়ে থেকে মামলা চালাচ্ছেন বলে জানিয়েছেন তারা।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








