ঝড়ে শ্রমিকের মৃত্যু, ব্যাপক ক্ষতি
শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় হায়দার আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামের কাসেম মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত হায়দর পার্শ্ববর্তী শ্রীবর্দী উপজেলার হেরোয়ারচর হাবর গ্রামের মৃত আলীমদ্দিনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, নিহত হায়দার আলীসহ ২০-২৫ জনের একটি ধান-কাটা শ্রমিকের দল শ্রীবর্দী থেকে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের তারাকান্দি গ্রামে বোরোধান কাটার জন্য কয়েকদিন আগে এসেছিলেন। ৮-১০ জন শ্রমিক প্রতিদিনের মতো কাজ শেষে রাতে স্থানীয় কাসেম আলীর বাড়িতে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক সোয়া একটার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় হঠাৎ ঘরের পেছনে থাকা একটি বড় আকাশমণি গাছ ভেঙে ঘরের চালের উপরে পড়ে। এতে ঘরের চালের নিচে চাপা খেয়ে ঘটনাস্থলেই হায়দার আলীর মুত্যু হয়। এ সময় অন্য শ্রমিকরা ঘর থেকে দৌড়ে বের হয়ে প্রাণে রক্ষা পায়।
নালিতাবাড়ী থানার উপপরির্দশক(এসআ্ই) আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিকে জেলায় মঙ্গলবার দিবাগত রাতের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কাচা ঘর-বাড়ি, গাছপালা ও বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে । এছাড়াও রাত ১ টা থেকে বুধবার ২২ এপ্রিল দুপুর ২ টা পর্যন্ত বিদ্যুবিহীন অবস্থায় রয়েছে ।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








