‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দেশের প্রধান তিন সমস্যা’
নরসিংদী: ধর্মীয় জঙ্গিবাদ, রাজনৈতিক সন্ত্রাস এবং মাদক বাংলাদেশের প্রধান তিন সমস্যা বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। বুধবার বিকেলে পলাশ উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “ধর্মীয় জঙ্গিবাদ, রাজনৈতিক সন্ত্রাস এবং মাদক বাংলাদেশের প্রধান তিন সমস্যা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সমস্যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কেননা এদেশের মানুষ শান্তি চায়।”
তিনি আরো বলেন, “বারবার এদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস মাথাচাড়া দিয়ে উঠে পরাভূত হয়েছে। ৭১' এর পরাজিত শক্তি বারবার দেশে অশান্তি সৃষ্টি করে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চেয়েছে। এসব অপশক্তি জনগণের কাছে পরাজিত হয়েছে।”
র্যাব মহাপরিচালক বলেন, “যারা সন্ত্রাস করবে তাদের কোনো দল নাই, গোত্র নাই, রং নাই। যারা মানুষ খুন করবে তারা খুনি। যারা সম্পদ ধ্বংস করবে তারা ফৌজদারি অপরাধী।”
উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ কামরুল আশরাফ খান পোটন, জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








