News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ২২ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:০৬, ১ ফেব্রুয়ারি ২০২০

‘ডাকাতি নয়, নাশকতা সৃষ্টিই ছিল তাদের উদ্দেশ্য’

‘ডাকাতি নয়, নাশকতা সৃষ্টিই ছিল তাদের উদ্দেশ্য’

সাভার: আশুলিয়ায় ব্যাংকে ডাকাতির পেছনে মূল উদ্দেশ্য ডাকাতি নয়, রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা সৃষ্টি বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি খন্দকার নূরুজ্জামান। বুধবার দুপুরে সাভার মডেল থানায় ডাকাতির ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “যারা এ দেশের পতাকা-মানচিত্র মানতে পারেনি, দেশের স্বাধীনতা চায়নি, সে অংশটি স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে হত্যার পর বারবার এ ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। দেশের মানুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। তাদের একটা অংশ নাশকতার জন্য কাঠগড়া বাজার এলাকায় এ ধরনের ঘটনা ঘটিয়েছে।”

তিনি আরো বলেন, “ডাকাতির সময় যেসব অস্ত্র, গুলি, গ্রেনেড ও বোমা উদ্ধার করা হয়েছে সেগুলো অত্যাধুনিক ও অনেক বেশি শক্তিশালী। এসব গ্রেনেড-বোমা দেশের বাইরের বাজার থেকে আমদানি করা সম্ভব নয়। শুধুমাত্র সামরিক বাহিনীর ইউনিট এসব অস্ত্র ব্যবহার করতে পারে, তাও সীমিত আকারে। এগুলো অত্যাধুনিক ও গোপনীয় জিনিস, যা বাইরে আসার কথা নয়।”

সংবাদ সম্মেলনে নূরুজ্জামান বলেন, “ডাকাতরা ইচ্ছে করলেই ব্যাংকের ভেতরে ভোল্ট থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে যেতে পারতো। তারা টাকা লুট না করে ক্যাশ থেকে প্রায় সাত লাখ টাকা লুট করেছে।”

তিনি আরো বলেন, “ব্যাংকের হিসাব মতে, ৬ লাখ ৮৭ হাজার ১৯৩ টাকা লুট হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৭ হাজার ২৫৫ টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের দুই সদস্যদের মধ্যে বোরহান উদ্দিন শিবিরের সক্রিয় কর্মী ও তার পুরো পরিবার শিবিরের সঙ্গে জড়িত। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার আবুল কালাম মৃধার ছেলে।”

সিসি ক্যামেরার ভিডিও দেখে ডাকাত দলের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, “ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়