আউশ চাষে ৩০ কোটি ২১ লাখ টাকার প্রণোদনা
ঢাকা: খাদ্যচাহিদা পূরণে কৃষকদের আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে ৩০ কোটি ২১ লাখ টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।
বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ প্যাকেজ ঘোষণা করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
কৃষিমন্ত্রী সাংবাদিকদের জানান, দেশে উফশী আউশ ধানের চাষ বাড়াতে চলতি ২০১৪-২০১৫ অর্থ বছরে দেশের ৪৮টি জেলার ২ লাখ ১০ হাজার কৃষককে ১ বিঘা করে জমি চাষের জন্য এ সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ১১ জেলায় উফশী আউশের জন্য ১লাখ ৮০ হাজার কৃষককে ১ বিঘা করে এবং ৩৭ জেলায় নেরিকা জাতের আউশ ধান চাষে ৩০ হাজার কৃষককে ১ বিঘা করে চাষের আওতায় আনা হবে।
তিনি আরো বলেন, এ প্রণোদনার মধ্যে সাম্প্রতিক শিলা বৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলা- নোয়াখালী, যশোর, ঝিনাইদহ, বগুড়া, লালমনিরহাট, মেহেরপুর, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, পাবনা, কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, দিনাজপুর, মৌলভীবাজার, খুলনা, গোপালগঞ্জ ও কুষ্টিয়া রয়েছে। এছাড়াও রয়েছে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও বরেন্দ্র এলাকা। দক্ষিণাঞ্চলের মধ্যে রয়েছে বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী ও মাদারীপুর।
তিনি আরো বলেন, মাথাপিছু উফশী আউশের ক্ষেত্রে এক হাজার ৩৫০ টাকা এবং নেরিকা আবাদের জন্য এক হাজার ৯৭০ টাকা করে দেওয়া হবে। উফশী ও নেরীকা চাষের জন্য চারশ’ টাকা সেচের জন্য, নেরিকা চাষে আগাছা দমনে আরো চারশ’ টাকা, উফশী আউশের ক্ষেত্রে পাঁচ কেজি বীজ এবং নেরিকার জন্য ১০ কেজি বীজ দেওয়া হবে। এসব ধান চাষে প্রতিজনকে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হবে।
মতিয়া চৌধুরী বলেন, সরকার ৩০ কোটি টাকার প্রনোদনা দিলেও এর ফলে অতিরিক্ত ৭০ হাজার মেট্রিক টন চাল পাওয়া যাবে। এর মোট দাম হবে ২৩১ কোটি টাকা, যার মধ্যে চালের দাম ২২৪ কোটি টাকা, খড়ের মূল্য ৭ কোটি টাকা। এক্ষেত্রে আয়-ব্যয়ের অনুপাত ১:৮।
তিনি জানান, আগামী ১০ দিনের মধ্যে প্রণোদনার টাকা কৃষকের কাছে পৌঁছে যাবে। আউশ চাষ শুরু হয় এপ্রিল-মে মাসে এবং ধান কাটা হবে জুলাইয়ে।
কৃষিমন্ত্রী বলেন, সেচের কারণে বোরোর উৎপাদন খরচ অনেক বেশি। এক কেজি বোরো চাল উৎপাদনে তিন হাজার ২০০ লিটার পানি লাগে। আর এ পানির জোগান দিতে গিয়ে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নিচে নেমে যাচ্ছে। এর বিপরীতে আউশে সেচ খরচ নেই। সব মিলিয়ে সরকার বোরো চাষের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চায়। গত বছরও আউশে প্রণোদনা দেওয়া হয়েছিল।
তবে গত বছরের তুলনায় এ বছর আউশ চাষে কৃষকের জন্য সরকারি প্রণোদনা কমেছে। এবার প্রণোদনার টাকার পরিমাণ এবং সুবিধাভোগী কৃষকের সংখ্যা দুটিই কমানো হয়েছে।
২০১৪ সালে ৪৪ জেলার দুই লাখ ৪৪ হাজার ৬০০ কৃষককে ৩০ কোটি ৬৮ লাখ টাকা প্রণোদনা দেওয়া হয়। ২০১৩ সালে দেওয়া হয়েছিল ৪৭ জেলার তিন লাখ ৩২ হাজার ৫০০ কৃষককে দেওয়া হয়েছিল ৪৩ কোটি নয় লাখ টাকা।
এসময়ে কৃষি সচিব মো. ইউনুস আলীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এফই
নিউজবাংলাদেশ.কম








