ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত
ব্রাহ্মণবাড়িয়া: জেলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শহরের শীর্ষ সন্ত্রাসী উজ্জ্বল (৩৫) নিহত হয়েছে। ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে সদর থানার ওসিসহ তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি রিভালভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার সাতবাড়িয়ায় একটি ব্রিক ফিল্ডে এ ঘটনা ঘটে। উজ্জ্বলের বিরুদ্ধে ও হত্যা মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সাতবাড়িয়া নামক স্থানে একটি ব্রিক ফিল্ডে সন্ত্রাসী উজ্জ্বল অবস্থান করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী উজ্জ্বল ও তার দল পুলিশের অবস্থান টের পেয়ে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী উজ্জ্বল গুলিবিদ্ধ হয়ে পড়ে গেলে বাকিরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজাহার রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস, এএসআই মেহেদি হাসান ও কনস্টেবল মাসুদ আহত হন।
নিহত সন্ত্রাসী উজ্জ্বলের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








