৫০ হাজার মে.টন গম কিনছে সরকার
ঢাকা: দেশে প্রয়োজনীয় খাদ্য চাহিদা পূরণে দুবাই থেকে ৫০ হাজার মেট্রিকটন গম সংগ্রহ করছে সরকার। এ জন্য সরকারকে ব্যয় করতে হবে ৯৭ কোটি ৬০ লাখ ৫ হাজার ৫শত টাকা।
বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে এ গম ক্রয় প্রস্তাব অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ে থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো তথ্যে জানা গেছে, ২০১৪-২০১৫ অর্থবছরে ৯ লাখ মেট্রিকটন গম আমদানির অংশ হিসেবে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হচ্ছে। এজন্য ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল ২০১৫ পর্যন্ত ৭ টি প্রতিষ্ঠান অংশগ্রহণের জন্য সিডিউল সংগ্রহ করলেও ৪টি প্রতিষ্ঠান দর প্রস্তাব পাঠায়। এদের মধ্যে দুবাইয়ের মেসার্স ফনিক্স কমোডিটস সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়েছে।
তথ্যে আরও জানা গেছে, এ প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টনের দাম ২৪৭ দশমিক শূন্য ৯ ডলার হিসেবে এক কোটি ২৩ লাখ ৫৪ হাজার ৫শ মার্কিন ডলার দর দিয়েছে, যা প্রতি ডলার ৭৯ টাকা হিসেবে বাংলা টাকায় ৯৭ কোটি ৬০ লাখ ৫হাজার ৫শত টাকা।
নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








