News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০২, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

জুনে বাংলাদেশ-ভারত বইমেলা

জুনে বাংলাদেশ-ভারত বইমেলা

ঢাকা: চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত বইমেলা। এ জন্য প্রাথমিকভাবে জুনের প্রথম সপ্তাহকে বেছে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের সভাকক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “সৃজনশীল ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহ বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতায় বইমেলা আয়োজনসহ নানবিধ কার্যক্রম বাস্তাবায়ন করে যাচ্ছে।”

তিনি জানান, ইতোমধ্যে এ বছর  রংপুর, বরিশাল ও কুমিল্লা বিভাগীয় বইমেলার আয়োজন করা হয়েছে।

২৫ এপ্রিল যশোরে খুলনা বিভাগীয় বইমেলা শুরু হবে। ধারাবাহিকতায় অন্যান্য বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতেও বইমেলার আয়োজন করা হবে।

আয়োজিত মেলাগুলোতে স্থানীয় প্রকাশনা সংস্থার পাশাপাশি ঢাকা থেকে স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো অংশ নেওয়ায় তা খুব সফল হয়েছে বলে মন্ত্রী দাবি করেন।

আসাদুজ্জামান নূর বলেন, “ভারত-বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে দুদেশ একে অপরের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জুনে অনুষ্ঠেয় এ বইমেলা দেশ দুটির মধ্যে সংস্কৃতি বিনময়ের ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে।”

বাংলাদেশ-ভারত বই মেলা আয়োজনের জন্য বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খানকে আহ্বায়ক ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সচিব অসীম কুমার দেকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টা ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

এ মেলায় বাংলাদেশ ও ভারতের উল্লেখযোগ্য সংখ্যক প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলাটি অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

সভায় সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমি মহাপরিচালক শামসুজ্জামান খান, গণগ্রন্থাগার অধিদপ্তর মহাপিরচালক মো. হাফিজুর রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালক অসীম সাহা, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়