সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রামে ৬৭৭ জনের মৃত্যু
ঢাকা: ২০১৪ সালে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৮৯৬টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জনের প্রাণহানি হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
সমিতির পক্ষ থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সড়ক দুর্ঘটনা মনিটরিং সেল, গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনা এবং এ সংক্রান্ত বিভিন্ন সংবাদ মনিটর করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সংগঠনটির মতে, উভয় মহানগরীর ৮৫ শতাংশ ফুটপাত হকার ও দোকানিদের দখলে থাকায় এবং মার্কেট ও আবাসিক ভবনগুলোর পার্কিং স্পেস না থাকায় ফুটপাত সংলগ্ন রাস্তার পাশে গাড়ি পার্কিং থাকায় যাত্রী ও পথচারীরা রাস্তার মাঝপথে চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে বেশিরভাগ দুর্ঘটনায় পথচারীর গাড়ি চাপায় মৃত্যুর ঘটনা ঘটছে। এ ছাড়া চলন্ত গাড়িতে যাত্রী ওঠা-নামা, উভয় যানবাহনের প্রতিযোগিতা, মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পারাপার ও গাড়ি চালনা, যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন এক সঙ্গে চলাচলসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
প্রতিবেদনে বলা হয়, বিদায়ী ২০১৪ সালে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ৮৯৬টি সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিরীহ যাত্রী ও পথচারী প্রাণ হারিয়েছে। এসব দুর্ঘটনায় আরও ১৭২ জন গুরুতর আহত হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৬০৩টি সড়ক দুর্ঘটনায় ৫৬০ জন নিহত হয়। চট্টগ্রাম মহানগরীতে ২৯৩টি সড়ক দুর্ঘটনায় ১১৭ জন নিহত হয়।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, উভয় মহানগরীতে এসব দুর্ঘটনায় পথচারীকে গাড়ি চাপায় ৫৯ শতাংশ, চলন্ত গাড়িতে যাত্রী ওঠা-নামায় ১৯ শতাংশ, যানবাহনের প্রতিযোগিতায় ৭ শতাংশ, মোবাইল/হেডফোনে কথা বলতে বলতে রাস্তা পারাপার ও গাড়ি চালনায় ৮ শতাংশ, চালকের গাফেলতিসহ অন্যান্য কারণে ৭ শতাংশ দুর্ঘটনা ঘটছে বলে দাবি করা হয়।
এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংগঠনটির পক্ষ থেকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরী কর্তৃপক্ষকে ৮ দফা সুপারিশ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/জেএস/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








