আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় নিহত ৮
সাভার: আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকের কাঠগড়া বাজার শাখায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৮ জন নিহত হয়েছেন।
ডাকাত দলের হামলায় ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয়সহ পাঁচজন নিহত হন। এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হন এক ডাকাত।
এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। সোমবার বিকেল তিনটার দিকে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যাংক ম্যানেজার ওয়ালিউল্লাহ (৪৫), মনির (৬০), জিল্লুর রহমান, গ্রাহক পলাশ (৩৮) ও নিরাপত্তা প্রহরী বদরুল (৩৮), জমির আলী (৪৫), নূর মোহাম্মদ (২৬)। ডাকাত সদস্যের নাম জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল তিনটার দিকে ৮-১০ জনের একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকার হাজী নজিমউদ্দিন সুপার মার্কেটে বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় প্রবেশ করে। পরে তারা ওই ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ব্যাংক কর্মকর্তারা বাধা দিলে ডাকতারা ব্যাংক ম্যানেজার ওলিউল্লাহসহ ৫ জনকে কুপিয়ে জখম করে।
এদিকে ডাকাতির খবর শুনে এলাকাবাসী স্থানীয় বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিলে ডাকতরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা স্থানীয়দের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি, ককটেল ও গ্রেনেড বিস্ফোরণ ঘটনায়। এতে স্থানীয় চারজন গুলিবিদ্ধসহ এগারজন আহত হয়। তাদেরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হলে ব্যাংক কর্মকর্তা, গ্রাহক, নিরাপত্তা প্রহরী ও স্থানীয়সহ ৫ জন মারা যান।
অন্যদিকে ডাকাতি করে মোটরসাইকেলযোগে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় কাঠগড়া বাজার এলাকার পার্শ্ববর্তী আমতলা এলাকার জিরাবো-বিশমাইল সড়ক থেকে ডাকাত দলের এক সদস্য ও দুর্গাপুর এলাকা থেকে দুই সদস্যকে আটক করে এলাকাবাসী। এসময় স্থানীয়দের গণপিটুনিতে ডাকাতদলের এক সদস্য ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদলের অপর সদস্যকে উদ্ধার করতে গেলে পুলিশের সাথে এলাকবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত এলাকবাসী পুলিশের দুইটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত ডাকাত দলের এক সদস্যকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা কামাল পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৫ ককটেল ও গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








