News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩১, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩০, ১৯ জানুয়ারি ২০২০

২৬-২৯ এপ্রিল মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি

২৬-২৯ এপ্রিল মাঠে থাকবে সেনাবাহিনী: ইসি

ঢাকা: আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৬ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত মোট চারদিন সেনাবাহিনী মাঠে থাকবে।

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সেনা মোতায়েন থাকবে।”

তিনি আরও বলেন, “স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স হিসেবে মাঠে কাজ করবে সেনাবাহিনী। তারা ভোট কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবে না। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় তাদের সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট।”

এর আগে ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিটি নির্বাচনের নিরাপত্তার বিষয়ে বৈঠক করেছে নির্বাচন কমিশন। ওই সময় সেনাবাহিনী মোতায়েনের পক্ষে সবার সম্মতি না থাকলেও অতিরিক্ত নিরাপত্তার স্বার্থে এখন এই সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানিয়েছেন কমিশনার মো. শাহনেওয়াজ।

শাহনেওয়াজ বলেন, “রিটার্নিং অফিসার যখনই চাইবে, তখনই সহায়তার জন্য সাড়া দেবে সেনাবাহিনী এবং বিভিন্ন জায়গায় যা যা করা দরকার তাই করবে তারা। তারপরও সার্বিকভাবে যতটুকু ভূমিকার দরকার ততটুকুই তারা করবে।”

কত সংখ্যক সেনা মোতায়েন করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা এখনো চূড়ান্ত করা হয়নি। তাছাড়া সংখ্যাটা কোনো বিষয় না। আলোচনার মাধ্যমে সবকিছু চূড়ান্ত করা হবে।”

এদিকে সোমবার পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে সেনা মোতায়েনের বিষয়ে ভিন্ন ভিন্ন মতের কথা শোনা যায়। গতকাল পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি ইসি।

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার স্বার্থে রাজনৈতিক দল, নির্বাচনের প্রার্থী এবং নির্বাচন পর্যবেক্ষণে থাকা সংস্থা ও সংগঠনগুলো সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছিল। অবশেষে ইসিও এ বিষয়ে একমত হয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল।

নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়