News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১৬, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে: মেনন

খালেদার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে: মেনন

ঢাকা: খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত জাতীয় ফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সফিকুর রহমান মজুমদারের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মেনন বলেন, “বেগম খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। কিন্তু তারপরও তিনি নির্বাচনে নেমেছেন, নির্বাচনে অংশগ্রহণ করছেন।

খালেদা জিয়া নির্বাচন বিনষ্ট করতে চায় মন্তব্য করে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ, আনন্দময় পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উসকানি দিয়ে নির্বাচন বিনষ্ট করতে চাচ্ছে।”

তিনি বলেন, “সিটি নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হয়েছে। জাতীয় নির্বাচনকে অবৈধ, অগণতান্ত্রিক অগ্রহণযোগ্য বলে হরতাল-অবরোধ করে ১৩০ জনকে হত্যা করা হয়েছে, অনেক মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, পঙ্গু করা হয়েছ।”

মনেন আরো বলেন, “শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ বিনষ্ট করবেন না। আর যাই হোক যারা হরতাল-অবরোধ দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সাধারণ মানুষ তাদেরকে ভোট দেবে না।”

লেভেল প্লেয়িং ফিল্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, “সমতল ভূমির নামে আমরা সন্ত্রাসীদের জায়গা দিতে পারি না। আমরা নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পন্ন করব।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আশা করব শেষ পর্যন্ত তিনি মাঠে থাকবেন, পালিয়ে যাবেন না।”

জাতীয় ফেডারেশনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. ওয়াজেদুর রহমান, শ্রমিকলীগের সভাপতি শুক্কুর মাহমুদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে কালো পতাকা দেখিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

ওইদিন উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী তাবিত আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে খালেদ জিয়া কারওয়ান বাজার যান। এসময় তিনি গাড়িতে দাঁড়িয়েই বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতার মিনিট খানেকের মাথায় বিভিন্ন ভবনের ছাদ থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

হামলায় খালেদা বা তার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তার সঙ্গে থাকা ব্যক্তিগত নিরাপত্তাকর্মীদের (সিএসএফ) গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এছাড়া লাঠিসোটা নিয়ে একদল যুবক গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনাকে নাটক বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো হামলা হয়নি বলে সোমবার দাবি করলেও মঙ্গলবার বলেছেন, “খালেদার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা ক্ষুব্ধ ‘জনতার’ ওপর চড়াও হওয়ায় এ ঘটনা ঘটেছে।”

নিউজবাংলাদেশ.কম/ টিএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়