পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ২
পাবনা: পাবনা-ঈশ্বরদী মহাসড়কে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরও দুই জন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আটমাইলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার সিদ্দিক হোসেনের স্ত্রী রহিমা খাতুন (৫০) ও একই এলাকার মনির হোসেনের স্ত্রী ডলি খাতুন (২৮) এবং অটোরিকশা চালক আবুল কালাম (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় পাবনা থেকে সোনার বাংলা পরিবহণ নামের একটি বাস ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে আটমাইল নামক স্থানে ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও দুই মহিলা যাত্রী নিহত হন। ঘাতক বাসটিকে আটক করে স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় গুরুতর আহত শিশু রিয়া (১৩) ও আব্দুল বারেক (৫০) নামের দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গাছের গুড়ি ফেলে প্রায় আধা ঘন্টা পাবনা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে আটমাইল এলাকায় যাত্রীবাহী অটোরিকশা ও ঈশ্বরদী থেকে পাবনাগামী সোনার বাংলা নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে র্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ঘটনার পর কাউকে আটক করা যায়নি।
বিক্ষুব্ধ এলাকাবাসীকে শান্ত করে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।
নিউজবাংলাদেশ.কম/এসআর/এফই
নিউজবাংলাদেশ.কম








