শিশুটিকে মাত্র পাঁচশ টাকায় বিক্রি করলেন মা
লালমনিরহাট: দুদিন ধরে শিশুটি বেশ আদর যত্মে বেড়ে উঠছে নতুন বাবা-মায়ের কাছে । মাত্র ১৮ মাস বয়সী শিশুটির নতুন নাম রাখা হয়েছে মিনা। অভাবের তাড়নায় শনিবার শিশুটির অজ্ঞাত পরিচয় মা মাত্র ৫০০ টাকায় ফুটফুটে ওই শিশুটিকে বিক্রি করে চলে যায়।
কিন্তু যিনি বিক্রি করেছেন তার নাম কেউ বলতে না পরলেও বাড়ি ফেনী জেলায় বলে জানিয়েছেন মিনার নতুন বাবা ঈমান আলী (৩২)।
শিশু কেনা-বেচার এমন ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নিজ গড্ডিমারী গ্রামে।
সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিশুটি বাড়ির উঠানে খেলা করছে। কখনো হাসছে আবার কখনো কাঁদছে। তবে এই হাসি কান্নার মাঝেই প্রায় নিজের সন্তানের মতো করে বড় করার স্বপ্ন আঁকছে তার নতুন বাবা-মা।
ঘটনা সম্পর্কে শিশুটির বর্তমান বাবা ঈমান আলী নিউজবাংলাদেশকে বলেন, “গত শনিবার এলাকার এক ভিক্ষুকের সঙ্গে শিশুটিকে নিয়ে এসেছিল তার মা। তারা প্রথমে এক শুঁটকী ব্যবসায়ীর কাছে মেয়েটিকে রাখার কথা বলে। বিষয়টি জেনে আমিও প্রস্তাব রাখি শিশুটিকে লালনপালন করে নিজের সন্তানের মতো বড় করতে। কারণ আমার ঘরে দুটি ছেলে সন্তান থাকলেও কোনো মেয়ে নেই। তাই অবশেষে শিশুটিকে আমার কাছেই রেখে যায় তার মা।”
যাওয়ার সময় ওই মহিলাকে পাঁচশ টাকা দেয়া হয় বলে স্বীকার করেন ঈমান আলী।
শিশুটির নতুন বাবা ঈমান আলী জানান, শিশুটিকে বিক্রি করার সময় ওর মা শুধু কেঁদে কেঁদে কয়েকবার বলেছেন, স্বামী তাকে ও ১৮ মাসের এই শিশুটিকে প্রচন্ড নির্যাতন করতো। এমনকি শিশুটিকে ঠিকমতো খেতেও দিত না ।
শিশুটির মা চলে যাবার সময় বলে গেছেন, যদি কখনো ফিরে আসি অন্তত আমার বাচ্চাটিকে দেখতে দিয়েন।’
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








