খালেদার উপর হামলার ঘটনা ‘নাটক’: হাসিনা
ঢাকা: ‘অশান্তি বেগমের অশান্তি বাংলাদেশের মানুষ আর চায় না’ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনাকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে গণভবনে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। মাগুরা উপনির্বাচনে দলের প্রার্থী ঠিক করতে পার্লামেন্টারি বোর্ডের এ সভা হয়।
শেখ হাসিনা বলেন, “খালেদা জিয়া ৯১ দিন অফিসে বসে বোমা ককটেল মেরে, বাস পুড়িয়ে মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করে মানুষের জীবনকে স্থবির করে দিয়েছিলেন। এখন যখন শান্তি এসেছে, মানুষকে আবার যন্ত্রণা দিতে তিনি মাঠে নেমে নাটক করছেন।”
প্রসঙ্গত, সোমবার বিকেলে সিটি নির্বাচনের প্রচারণায় নেমে কাওরান বাজারে হামলার মুখে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। লাঠিসোঁটা ও ইটের আঘাতে খালেদার গাড়ির কাচ ফাটলেও তিনি অক্ষত থাকেন। তবে এ ঘটনায় আহত হয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরা।
মানুষ যখন স্বতস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে, তখনই তিনি নাটক সৃষ্টি করছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তার (খালেদা) সিকিউরিটি ফোর্স বিনা উস্কানিতে গুলি চালায়। আপনার নিরাপত্তা কর্মীদের ঠেকান। মানুষের জান-মাল নিয়ে আর যেন খেলা না হয়।”
প্রধানমন্ত্রী বলেন, “এটা স্থানীয় সরকার নির্বাচন। নাটক সৃষ্টি না করে দেশের মানুষকে শান্তি দেন।”
এর আগে হামলার পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে জরুরি এক সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এমএম
নিউজবাংলাদেশ.কম








