কারও ওপর হামলা হয়নি: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা: কাওরান বাজারে সিটি নির্বাচনের প্রচারণার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর হামলার মুখে পড়লেও বিষয়টি স্বীকার করেননি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, “কাওরান বাজারে কারো ওপর হামলার ঘটনা ঘটেনি।” সোমবার রাতে দেশের একটি প্রভাবশালী দৈনিকের কাছে তিনি এ মন্তব্য করেন। পত্রিকাটির অনলাইন সংস্করণে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ওই পত্রিকাকে বলেছেন, “ঘটনাটি যাচাই বাছাই করা হচ্ছে। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটির সত্যতা আছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের কানে এসেছে ঘটনাটি অন্য রকম। কারও ওপর হামলা করা হয়নি বরং অন্যদের ওপর বিএনপির লোকজন চড়াও হয়েছিল। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করছি না। আমরা সব খতিয়ে দেখছি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে বিকেলে তৃতীয় দিনের মতো গণসংযোগে নামেন খালেদা জিয়া। রাজধানীর কাওরান বাজারে বক্তব্য দেওয়ার সময় তার গাড়িবহর হামলার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জয় বাংলা স্লোগান দিয়ে এক দল যুবক খালেদা জিয়ার গাড়ি বহরে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। খালেদা জিয়ার গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আহত হন খালেদা জিয়ার একজন নিরাপত্তাকর্মীসহ কয়েকজন।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








