লক্ষ্মীপুর কারাগারে পরীক্ষা দিচ্ছে দশ পরীক্ষার্থী
লক্ষ্মীপুর: চলমান এইচএসসি পরীক্ষায় সাতজন ও ডিগ্রি পরীক্ষায় তিনজনসহ দশজন পরীক্ষার্থী রয়েছে জেলা কারাগারে। তারা কারাগারে বসেই যথাযথ নিয়ম মেনে পরীক্ষায় অংশ নিয়ে পরীক্ষা দিচ্ছে।
জেল সুপার মো. দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “কারাগারে বসে এইচএসসি পরীক্ষায় সাতজন ও ডিগ্রি পরীক্ষায় তিনজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। আদালতের অনুমতি সাপেক্ষে প্রশাসন তাদের কারাগারে পরীক্ষা নেয়ার জন্য সব ব্যবস্থা করেছে।”
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আবদুস সালাম নিউজবাংলাদেশকে বলেন, “প্রশাসনের নির্দেশে তিনি জেলা কারাগারে ওই ১০ শিক্ষার্থীর পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক নজরদারি রাখছেন।”
যারা ডিগ্রি পরীক্ষা দিচ্ছে তারা হলো, রায়পুর উপজেলার দেনায়েতপুর গ্রামের সিরাজউল্লার ছেলে ও রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের ছাত্র আইয়ুব আলী রুবেল, সদর উপজেলার সোনাপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র মানিক হোসেন, পৌরসভার আবির নগর গ্রামের মঞ্জুরুল হাসানের ছেলে আবদুল্লা আল মামুন।
জানা গেছে, ৬ জানুয়ারি থেকে তারা কারাগারে রয়েছে।
যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে তারা হলো, কমলনগর উপজেলার চর মাট্রিন গ্রামের সফিক মোল্লার ছেলে বাচ্চু মোল্লা, একই উপজেলার চর ফলকন গ্রামের মো. হারুনের ছেলে আনোয়ার হোসেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদোহিত গ্রামের খলিলুর রহমানের ছেলে তারেক মো. লুৎফুল কবির, জয়পুর ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের নাছির উদ্দিন, পাবর্তীনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে নাহিদ হোসাইন ও পৌর শহরের বাঞ্চারগর গ্রামের মো. সোহাগ।
জানা গেছে, তারা ২২ জানুয়ারি থেকে কারাগারে রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








