News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

ভারতে ব্যান্ডউইথ রপ্তানিচুক্তি অনুমোদন

ভারতে ব্যান্ডউইথ রপ্তানিচুক্তি অনুমোদন

ঢাকা: ভারতে ইন্টারনেট ব্যান্ডউইথ রপ্তানি বিষয়ে একটি চুক্তি অনুমোদন দিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ভারতে ব্রডব্যান্ড রপ্তানির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) এবং ভারতের ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএসএল) প্রতি মেগাবাইটস পার সেকেন্ড (এমবিপিএস) ব্যান্ডউইথ ১০ ডলারে (৭৮০ টাকা) রপ্তানির প্রস্তাব মন্ত্রিসভায়  উপস্থাপন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

প্রাথমিকভাবে ভারত ১০ গিগাবাইটস পার সেকেন্ড (জিবিপিএস) ব্যান্ডউইথ নেবে। ফলে প্রতিবছর ৯  কোটি ৪২ লাখ টাকা পাবে বাংলাদেশ। এ টাকার চারভাগের একভাগ দিয়ে  বিএসসিসিএল কর্মকর্তাদের বেতন দেওয়া যাবে।
 
তবে বিভিন্ন কোম্পানির চাহিদার প্রেক্ষিতে ভারত ভবিষ্যতে ৪০ জিবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ নিতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রথম দফার তিন বছরের চুক্তি অনুযায়ী কক্সবাজার-ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া দিয়ে ভারতের আগড়তলায় ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএসএল) এ সংযোগ পৌঁছানো হবে। পরে আরও দুটি সংযোগ স্থাপিত হবে। এর মাধ্যমে দেশটির পূর্ব দিকের সাতটি রাজ্য বাংলাদেশের ব্যান্ডউইথের মাধ্যমে ইন্টারনেট সেবা দেওয়া যাবে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, “আমাদের ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ রয়েছে। এর মধ্য থেকে আমরা মাত্র ৩০ জিবিপিএস ব্যবহার করছি। বাকি ১৭০ জিবিপিএস এর মধ্য থেকে মাত্র ১০ জিবিপিএস ভারতে রপ্তানি করা হবে।”

১০ জিবিপিএস ব্যান্ডউইথ নিয়ে শুরু হলেও ২০১৬ সালে বিএসসিসিএল দ্বিতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ পেলে পরে অল্প সময়ের মধ্যে ভারতের এ দিককার রাজ্যগুলোর জন্য ব্যান্ডউইথ রপ্তানি একশ জিবিপিএস ছাড়িয়ে যেতে পারে বলে জানা গেছে।

সমঝোতা স্মারকে বলা আছে, মূল্য যাই হোক না কেনো প্রতি মাসের সাত তারিখের মধ্যে ডলারের মাধ্যমে ভারতীয়রা বিএসসিসিএলকে মূল্য পরিশোধ করবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সরকার ব্যবহারের অতিরিক্ত ব্যান্ডউইথ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নেয়। দীর্ঘ দিন ঝুলে থাকার পর অবশেষে এ সিদ্ধান্তে আসে মন্ত্রণালয়।

পূর্ব দিকের রাজ্যগুলোর অন্তত তিনটিতে এখনই ব্যান্ডউইথ সংযোগ পেতে চায় ভারতীয়রা। আর এ জন্য বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করাই তাদের জন্য সবচেয়ে ভালো বিকল্প। এক্ষেত্রে প্রাথমিকভাবে আখাউড়া দিয়ে আগরতলার সঙ্গে একটি সংযোগ স্থাপিত হবে। পরে সিলেটের তামাবিল দিয়ে অপর একটি সংযোগ স্থাপিত হতে পারে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
   

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়