News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০০, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১২:৪৮, ১৮ জানুয়ারি ২০২০

হরিণাকুণ্ডের ১০টি ব্রিজ এখন মৃত্যুফাঁদ

হরিণাকুণ্ডের ১০টি ব্রিজ এখন মৃত্যুফাঁদ

ঝিনাইদহ: হরিণাকুণ্ডু উপজেলার ১০টি ব্রিজ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এসব ব্রিজে ভাঙনের ফলে প্রায়ই নানারকম দুর্ঘটনা ঘটছে। এসব ব্রিজে চলাচলকারীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। মাঝে-মধ্যে এসব ব্রিজে ইঞ্জিনচালিত স্থানীয় কিছু যানবাহন চলাচলের সময় দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভাধীন চটকাবাড়ীয়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ই-১-এ পানি নিষ্কাশন খালের ওপর রয়েছে দুটি ব্রিজ। এস-৪ এ ঋষিপাড়া খালের ওপর রয়েছে একটি ব্রিজ। লালন সড়কের উপজেলা সদরের অডিটোরিয়ামের সামনে বক্স কালভার্টসহ প্রায় ৮-১০টি ব্রিজ রয়েছে। এসব ব্রিজগুলো এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।

কয়েক মাস আগেই ব্রিজগুলোয় ছোট-বড় গর্তের সৃষ্টি হয়। এ কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে ব্রিজগুলো। এর আগে ব্রিজ ভেঙে ট্রাক ও ইঞ্জিনচালিত যানবাহন লাটাহাম্বাসহ বেশ কয়েকটি ভ্যান-রিকশা দুর্ঘটনার মুখোমুখি পড়ে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটে। ব্রিজগুলো ষাট দশকে তৎকালীন ইপিআই ওয়াবদা তৈরি করলেও পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্রিজগুলোর দিকে দৃষ্টি না দেয়ার সেগুলিতে এখন ভাঙনের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা নিউজবাংলাদেশকে বলেন, “পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় এ ব্রিজগুলো মেরামত করা যাচ্ছে না। সীমিত সংখ্যক অর্থ বরাদ্দের ফলে সেচকাজে সমস্ত অর্থ ব্যয় হওয়ায় জনগুরুত্বপূর্ণ ব্রিজগুলো মেরামত করা যাচ্ছে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান নিউজবাংলাদেশকে বলেন, “দীর্ঘদিন ধরেই এ ব্রিজগুলো মেরামতের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো কর্ণপাত করেনি।”

পৌরসভার মেয়র শাহিনূর রহমান রিন্টু নিউজবাংলাদেশকে বলেন, “ব্রিজগুলো পানি উন্নয়ন বোর্ডের। এ ব্যাপারে বারবার তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষের উদাসীনতার কারণে ব্রিজগুলি ব্যবহারকারীদের অনুপযোগী হয়ে পড়েছে। এরই ফলে প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।”

তিনি আরো বলেন, “এর আগে বেশ কয়েকবার পৌর তহবিল থেকে ব্রিজগুলি মেরামত করা হয়েছে। সম্প্রতি চটকাবাড়ীয়া ব্রিজে ২ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এ কাজ দ্রুত শুরু করা হবে।”

হরিনাকুণ্ডু থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এরশাদুল কবীর চেধুরী নিউজবাংলাদেশকে বলেন, “ব্রিজগুলি ভাঙনের ফলে ইউনিয়ন ও পৌরসভার কয়েকটি এলাকায় পুলিশের পিকআপভ্যান যেতে পারে না। এজন্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে। জনস্বার্থে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য দ্রুত এ ব্রিজগুলো মেরামত করা একান্ত প্রয়োজন।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়