মগবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
ঢাকা: রাজধানীর মগবাজারে একটি ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মগবাজার রেলগেট সংলগ্ন ‘স্বার্থক বিজনেস সেন্টার’ নামে একটি ওয়ার্কশপে এসি মেশিন মেরামতের সময় পাশে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে আহসান হাবিব (২৫), সোহেল (৩০), মাসুম (২৭), সারওয়ার বিপ্লব (৩০) ও তুহিন (২৬) নামে পাঁচ যুবক দগ্ধ হয়ে আহত হন।
স্বার্থক বিজনেস সেন্টারের কর্মচারী সেলিম মুন্সী নিউজবাংলাদেশকে জানান, এসি মেশিন মেরামতের সময় ওয়ার্কশপে রাখা একটি গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পাঁচ জন আহত হয়।
তিনি জানান, আহতদের দ্রুত উদ্ধার করে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছে। অন্য জনকে নেয়া হয়েছে একটি স্থানীয় হাসপাতালে।
আহতদের মধ্যে সোহেলের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








