অচিরেই সীমান্তে হত্যা বন্ধ হবে
লালমনিরহাট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেছেন, সীমান্তে হত্যা বন্ধে ভারতের উচ্চ পর্যায়ের সাথে কথা হচ্ছে। অচিরেই সীমান্তে হত্যা বন্ধ হবে।
শুক্রবার দুপুরে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন পরিদর্শন শেষে হলরুমে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএসএফ’র উদ্দেশ্যে তিনি বলেন, অপরাধীকে হত্যা না করে আটক করে পুলিশে সোপর্দ করুন। হত্যা করবেন না।
বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তের যেসব স্থানে কাঁটাতারের বেড়া নেই সেখানেও বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে অনুমতি দেয়া হয়েছে। পর্যায়ক্রমে তা নির্মাণ করবে ভারত। এর ফলে চোরাচালান অনেকাংশে বন্ধ হবে।
আজিজ আহম্মেদ বলেন, সীমান্তে হাটগুলো জনপ্রিয়তার পাশাপাশি রাজস্ব বাড়াচ্ছে। তাই পর্যায়ক্রমে সকল সীমান্তে হাট বসানো হবে ।
সীমান্ত সুরক্ষা করে দেশের আইনশৃঙ্খলা রক্ষায়ও বিজিবি সহযোগিতা করছে বলে মন্তব্য করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক হাবিবুর রহমান, বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল বজলুর রহমান হায়াতি, লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহেদুল ইসলাম।
নিউজবাংলাদেশ.কম/এনএএস/এফই
নিউজবাংলাদেশ.কম








