রামপুরা ট্রাজেডি: ‘রুটি-কলা’ এখন শেষ ভরসা
ঢাকা: ‘রুটি-কলা, তাও আবার ১৬ ঘণ্টা পর। এই খ্যাইয়া কি পেট ভরে। কতলোক কইতাছে সাহায্য দিব, কিন্তু কাওরেই সামনে দ্যাখতাছি না। কথায় হুনতাছি যে এত্তো এত্তো টাকা দিবো, যা ক্ষতি হইছে তার সবটাই পুশাইয়া দিবো।’ এভাবেই বিড়বিড়িয়ে ক্ষোভের কথাগুলো বলছিলেন সত্তর বছরের বৃদ্ধা হাসি আক্তার।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে রাজধানীর রামপুরা বৌ-বাজার এলাকায় দেবে যাওয়া দোতলা বাড়ির উদ্বার অভিযানের শেষ পর্যায়ে গিয়ে শোনা যায় হাসি আক্তারের ক্ষোভের এই কথাগুলো। পরে পুরো এলাকা ঘুরে দেখা গেলো, এই ক্ষোভের শুধু তার একারই নয়, বরং পুরো এলাকাবাসীর।
ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, ট্রাজেডির পর বুধবার সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জেল মিয়ার পক্ষ থেকে খাওয়ানো হয় তেহারী। এরপর রাত ১১টায় দেয়া হয় সামান্য পাওরুটি আর কলা। এর পর সারা রাত কেটেছে কোনো খাবার ছাড়াই। সকালেও কেউ আসেনি খোঁজ নিতে। তবে দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে এসেছে আবারও কলা আর পাওরুটি। শেষপর্যন্ত পাওরুটি আর কলা খেয়েই জীবন ধারণ করছেন ভুক্তভোগীরা।
দূর্ঘটনার পরপরই ছুটে এসেছেন ঢাকা জেলা প্রশাসক। এসময় ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের নিহতদের দাফনের জন্য ২০ হাজার টাকা আর অন্যান্য ক্ষতিগ্রস্থদের ৫ হাজার টাকা সাহায্য দেওয়ার ঘোষণা দেন তিনি। পরে ঘোষণা অনুযায়ী নিহত পরিবারদের ২০ হাজার টাকা করে দেয়া হলেও অন্যান্য ক্ষতিগ্রস্থতের দেয়া হয়েছে ২ হাজার টাকা করে। এছাড়া স্থানীয় এক কমিশনার প্রার্থী ২০ পরিবারকে এক হাজার টাকা করে দিয়েছেন।
স্বামী, সন্তান ও নাতনীদের নিয়ে টিনের ওই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন হাসি বেগম। অন্যান্য দিনের মত এদিনও দুপুরে ছেলে মেয়েকে নিয়ে এক সাথে খেতে বসেছিলেন। কিন্তু পৌনে ৩টার দিকে হটাৎ করে কেপে ওঠে টিনের ওই দোতলা ভবনটি। মুহূর্তেই দেবে যেতে থাকে বাড়িটির বাম পাশ। ৩০ সেকেন্ডের মধ্যেই নীচতলা চলে যায় ডোবার কাদা-পানির মধ্যে। ভয় আর উৎকণ্ঠা নিয়ে দ্রুত হাসি বেগম তার পরিবারের সদস্যদের নিয়ে নেমে আসেন মাটিতে।
এদিকে এদিন বিকেলেও ডোবার নোংড়া পানি থেকে ফ্রিজ, টেলিভিশন, ওভেন, সাউন্ডবক্সসহ নানা ধরনের ব্যবহার সামগ্রী উদ্বার করতে দেখা যায়। এসময় ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ জনতাকেও উদ্বার অভিযানে অংশ নিতে দেখা যায়। শেষ খবর পাওযা পর্যন্ত ডোবা থেকে ১২ জনের লাশ উদ্বার হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








