বর্ষবরণে যৌন হয়রানির ঘটনায় হাইকোর্টের রুল
ঢাকা: বাংলা নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েকজন নারীকে যৌন হয়রানির ঘটনায় স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জরি করেন।
রুল প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস জানান, “নববর্ষের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েকয়েকজন নারী যৌন হয়রানির শিকার হন। আজ কয়েকটি দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন আদালতের নজরে আনেন দুজন নারী আইনজীবী। পরে আদালত এ ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, মর্মে রুলে জানতে চান। ”
এ ঘটনায় স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসাথে ঘটনা তদন্ত করে ১৭ মে তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আইজিপি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








