পানবাড়ী সীমান্তে বিএসএফের গুলি, আতঙ্ক
লালমনিরহাট: পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। এর পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম সদর ক্যাম্প কমান্ডার সুবেদার মকবুল হোসেন নিউজবাংলাদেশকে বলেন, “পানবাড়ী সীমান্তে বৃহস্পতিবার ভোররাতে একদল গরু পারাপারকারী ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে গরু আনতে গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এর পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে, এ গুলিতে দু’একজন নিহত হয়েছে।”
তিনি আরো বলেন, “বৃহস্পতিবার সকালে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিএসএফ গুলি ছোড়ার বিষয়টি স্বীকার করলেও গুলিতে কেউ আহত বা নিহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি।”
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী নিউজবাংলাদেশকে বলেন, “সীমান্তে বাংলাদেশি নাগরিককে লক্ষ্য করে গুলি ছোড়ার বিষয়টি বিএসএফ স্বীকার করলেও গুলিতে কেউ নিহত বা আহত হওয়ার বিষয়টি স্বীকার করেনি।”
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








