হান্নান মাসুদকে হত্যার হুমকি, মূল অভিযুক্ত আটক
ছবি: সংগৃহীত
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে প্রধান অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২০ ডিসেম্বর) রাত ১১টার দিকে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নন্দ রোড এলাকা থেকে তাকে আটক করে হাতিয়া থানা পুলিশ।
আটক ইসরাত রায়হান অমি হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর রাতে আবদুল হান্নান মাসউদের চাচা এবং জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী হেডমাস্টার শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়, ‘Israt Raihan Ome’ এবং ‘রুপক নন্দী’ নামের দুটি ফেসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদ ও তার সহযোগীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
ভাইরাল হওয়া মেসেঞ্জারের স্ক্রিনশটে দেখা যায়, হুমকিদাতা লিখেছেন, ‘হান্নান বল আর তানভির বল যেই নেতাই হোক, খোদার কসম করে বললাম, উত্তরাঞ্চলে চলাচল হারাম হয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে। তোর নেতাকে এটা কপি করে পাঠাইস।’
এ ঘটনায় ইসরাত রায়হান অমিসহ মোট সাতজনের নাম জিডিতে উল্লেখ করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন- রুপক নন্দী (২৫), সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), প্রেম লাল (২৫), নুর হোসেন রহিম (২৬), বাবুলাল (৩২) এবং ওমর ফারুক (৩২)।
আরও পড়ুন: ফতুল্লায় ফেরি থেকে নদীতে ট্রাকসহ পাঁচ যান, ৩ জনের মরদেহ উদ্ধার
হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, জিডি দায়েরের পর থেকেই বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছিল। যাচাই-বাছাই শেষে প্রধান অভিযুক্ত ইসরাত রায়হান অমিকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








