News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৩, ২১ ডিসেম্বর ২০২৫

ফতুল্লায় ফেরি থেকে নদীতে ট্রাকসহ পাঁচ যান, ৩ জনের মরদেহ উদ্ধার

ফতুল্লায় ফেরি থেকে নদীতে ট্রাকসহ পাঁচ যান, ৩ জনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেলচালক রফিক, ভ্যানচালক স্বাধীন এবং প্রবাসী মাসুদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের নরসিংহপুর এলাকা থেকে ছেড়ে আসা ফেরিটি মাঝনদীতে পৌঁছালে হঠাৎ ফেরিতে থাকা একটি ট্রাক চলতে শুরু করে। এ সময় ট্রাকটি সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়িসহ নদীতে পড়ে যায়।

বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ট্রাকটি হঠাৎ চালু হয়ে গেলে একের পর এক পাঁচটি যানবাহন পানিতে পড়ে যায়। ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে পারলেও অন্যরা নিখোঁজ হন।

আরও পড়ুন: কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আপাতত তল্লাশি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আরও কেউ নিখোঁজ থাকলে রোববার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে। পাশাপাশি ডুবে যাওয়া যানবাহন উদ্ধারের কাজও শুরু হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়