কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । এতে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।
শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ছুটির দিন থাকায় নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, জেলা সার্ভার স্টেশন সংলগ্ন স্টোররুমে জানালার দিক থেকে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু দাউদ বলেন, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টোররুমের পেছনের জানালার পাশ দিয়ে কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। ঘটনার পর অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, জেলা নির্বাচন অফিসে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু কাগজপত্র পুড়েছে, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
খবর পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামানসহ র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








