News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৫২, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩১, ১৯ জানুয়ারি ২০২০

নতুন অর্থবছরের এডিপি ১ লাখ কোটি টাকা

নতুন অর্থবছরের এডিপি ১ লাখ কোটি টাকা

ঢাকা: আগামী ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার একলাখ কোটি টাকা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার বিকেলে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি ও ব্যয় বিবেচনায় সর্বনিম্ন অগ্রগতি সম্পন্ন ১০টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির মেগা প্রকল্পগুলোতে বরাদ্দ দেয়া হবে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা। যা নতুন অর্থবছর শেষে দৃশ্যমান হবে।

এবছর প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন কার্যক্রম দেখে আগামী বছরের বরাদ্দ দেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) জনবল বৃদ্ধিসহ সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। আইএমইডির কর্মকর্তার সংখ্যা ৭৮ থেকে ১২০ এ উন্নীত করার কাজ চলছে।”

এবছর প্রকল্প বাস্তবায়নের হার বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “আজকের সভায় সচিবেরা আমাকে জানিয়েছেন তাদের স্ব স্ব মন্ত্রণালয় সংশোধিত এডিপি অনুযায়ী শতভাগ বাস্তবায়ন করতে পারবে।”

আগামী বছরে বিভিন্ন নতুন প্রকল্প নিয়ে পরিকল্পনামন্ত্রী জানান, ঢাকা শহরসহ বড় বড় শহরের নামীদামি স্কুলগুলোতে ভর্তি সংকট প্রকট। এজন্য সরকার এসব স্কুলগুলোর ভবনকে ১৫ থেকে ২০ তলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করবে। এতে করে দুই লাখ ছাত্র-ছাত্রী নতুনভাবে ভর্তির সুযোগ পাবে। গ্রামের স্কুলগুলোও তিন থেকে চার তলা করা হবে বলে তিনি জানান।

মুস্তফা কামাল বলেন, “আগামীতে সংসদ সদস্যদের অগ্রাধিকার দিয়ে একটি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এ প্রকল্পের আওতায় একজন সংসদ সদস্য পাঁচ বছরে মোট ২০ কোটি টাকা বরাদ্দ পাবে। তবে তিনি সরাসরি একটি টাকাও ব্যয় করতে পারবেন না।”

নিউজবাংলাদেশ.কম/জেএস/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়