আগস্টের ১২ দিনে প্রবাসী আয় ১ বিলিয়নের বেশি
ফাইল ছবি
চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ৮৫৮ কোটি ৮০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ৭২ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। এ হিসাবে চলতি বছরের আলোচ্য সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৩ কোটি ৩০ লাখ ডলার বা ৪ হাজার ৬৩ কোটি টাকা। এই সময়ে রেমিট্যান্স বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩৪ শতাংশ।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইতে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা। তবে এই মাসে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
আরও পড়ুন: আগস্টে রেমিট্যান্সে ঊর্ধ্বগতি: পাঁচদিনে আয় ৩২ কোটি ডলার
এর মধ্যে রয়েছে:
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক: বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)
- বেসরকারি ব্যাংক: কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক
- বিদেশি ব্যাংক: হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
গত অর্থবছর ২০২৪-২৫ সালে প্রবাসী আয়ের পরিমাণ ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স এসেছে মার্চ ২০২৫-এ, ৩২৯ কোটি ডলার, যা ছিল বছরের সর্বোচ্চ।
প্রবাসী আয়ের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করতে সাহায্য করছে। বিশেষ করে আগস্টের প্রথম দুই সপ্তাহে ১ বিলিয়নের বেশি রেমিট্যান্স প্রবেশ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
অর্থনীতিবিদরা বলছেন, এই প্রবৃদ্ধি বিনিয়োগ ও মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








