টানা দ্বিতীয় সেঞ্চুরিতে ব্যাটেই জবাব তামিমের
ঢাকা: অনেক বকবক করেছে, এবার চুপ কর। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সবাইকে এটাই বলতে চেয়েছিলেন তামিম ইকবাল। এরপর অনেক আলোচনা হয়েছে। কিন্তু তাতে বাংলাদেশ ওপেনারের পারফরম্যান্সে প্রভাব পড়েনি সামান্যটুকুও। বরং আরো উদ্ভাসিত হয়ে উঠেছেন বাঁহাতি ওপেনার। রোববার তাই আরো ভয়ংকর তামিম। এদিন পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন দেশসেরা ওপেনার।
বোলারদের গড়ে দেয়া প্লাটফর্মের ওপর দাঁড়িয়ে প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তামিম। ওপেনিংয়ে তাকে যোগ্য সঙ্গত দেন সৌম্য সরকার। অবশ্য ইনিংসটা খুব দীর্ঘ করতে পারেননি দীর্ঘাদেহী ক্রিকেটার। ওয়ানডাউনে নামা মাহমুদউল্লাহও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। তবে তামিম ছিলেন তামিমের মতোই। মাত্র ৩১ বলে পঞ্চাশ রানের মাইলফলকে পৌঁছেন তিনি। এর মাঝে সাজঘরে ফিরে যান রিয়াদ। তাই কিছুটা মন্থর হয় তামিমের ব্যাট। শেষে ইনিংসের ৩৫তম ওভারে জুনায়েদ খানের বলে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ১০৮ বলে। তার ইনিংসটিতে ১৬টি চারের মার ছিল।
এর আগে গেল শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে ১৩৫ বলে ১৩২ রান করেছিলেন তামিম। সেদিন ১৮৬ মিনিট উইকেটে থেকে ওয়াহাব রিয়াজের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অবশ্য সেদিন মুশফিকের দাপুটে ১০৬ রানে কিছুটা ঢাকা পড়েছিলেন তামিম। ফলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও ফসকে যায়। কিন্তু টাইগারদের ম্যাচ জয়ের ভিত্তি গড়ে দিয়েছিলেন তিনিই। প্রসঙ্গত, বিশ্বকাপে ব্যাট হাতে ভালো কিছু উপহার দিতে পারেননি তামিম। ফলে ঘর ও ঘরের বাইরে দারুণ সমালোচনার শিকার হচ্ছিলেন তিনি। সেই সমালোচনাই যেন পুরনো তামিমকে জাগিয়ে দিল!
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








