পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার টাইগার ক্রিকেটার
ছবি: সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরে অংশ নিতে দেশ ছেড়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার।
সোমবার (২৩ মার্চ) সকালে একটি ফ্লাইটে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। এবারের আসরে মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে দল পেলেও প্রথম ধাপে ঢাকা ছেড়েছেন মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। বাকি দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরবর্তী ধাপে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
আগামী ২৬ মার্চ পর্দা উঠতে যাচ্ছে পিএসএলের এবারের আসরের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এই জমজমাট আসরে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে সমর্থকদের মধ্যে আগে থেকেই ব্যাপক আগ্রহ ছিল। এবার সরাসরি চুক্তিতে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে একই দলে জায়গা করে নিয়েছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। ফলে লাহোরের জার্সিতে দুই বাংলাদেশিকে একসঙ্গে দেখা যাবে।
আরও পড়ুন: মিরাজের নেতৃত্বে একধাপ এগিয়েছে বাংলাদেশ
অন্যদিকে, তরুণ পেসার নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে মাঠ মাতাবেন শরীফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। শরীফুল ও তানজিদ তামিমের জন্য এটিই প্রথম পিএসএল অভিজ্ঞতা। এছাড়া লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখা যাবে রাওয়ালপিন্ডির (পিন্ডি) জার্সি গায়ে। মূলত সরাসরি চুক্তি এবং নিলামের কয়েক ধাপ মিলিয়ে এবার রেকর্ড সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার এই টুর্নামেন্টে ডাক পেয়েছেন।
তবে পিএসএলের পুরো আসরে টাইগার ক্রিকেটারদের পাওয়া যাবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাদের আগামী ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হয়েছে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থাকায় এনওসির মেয়াদ শেষ হতেই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। জাতীয় দলের স্বার্থে ১২ এপ্রিলের মধ্যেই পাকিস্তান থেকে ডেরায় ফিরতে হবে এই ছয় ক্রিকেটারকে।
নিউজবাংলাদেশ.কম/পলি








