১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বোস্টনের উপকূলবর্তী ফক্সবোরোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। গ্যালারিতে ৬৬ হাজারের বেশি দর্শকের বড় অংশ ব্রাজিলকে সমর্থন দিলেও জয় পেয়েছে কিলিয়ান এমবাপ্পে-হুগো একিতিকের ফ্রান্স।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে এগিয়ে ছিল ফ্রান্স, তবে আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ব্রাজিল। কিন্তু দুর্বল ফিনিশিংয়ের কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি সেলেসাওরা।
ম্যাচের ৩২ মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে গোলরক্ষককে পরাস্ত করে চিপ শটে দলকে এগিয়ে নেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের গোলসংখ্যা ৫৬-তে নিয়ে যান তিনি।
বিরতির পর ৫৫ মিনিটে ফ্রান্সের দায়োত উপামেকানো ভিএআর দেখে সরাসরি লাল কার্ড পেলে ১০ জনে পরিণত হয় দলটি। তবে একজন কম নিয়েও ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন হুগো একিতিকে।
৭৮ মিনিটে ক্যাসেমিরোর কাটব্যাক থেকে গোল করে ব্যবধান কমান ব্রাজিলের ডিফেন্ডার ব্রেমার। এরপর সমতায় ফেরার জন্য একাধিক সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত আর গোল পায়নি ব্রাজিল।
আরও পড়ুন: হামজাকে নিয়েই বাংলাদেশের একাদশ
ফলে ১০ জন নিয়ে দারুণ লড়াই করে জয় তুলে নেয় ফ্রান্স, আর সুযোগ নষ্টের খেসারত দিয়ে হার নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।








