News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৬, ২৫ মার্চ ২০২৬

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন মোহামেদ সালাহ

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন মোহামেদ সালাহ

ছবি: সংগৃহীত

ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দিয়েছেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। ২০২৫-২৬ মৌসুম শেষে অ্যানফিল্ড ছাড়বেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের সিদ্ধান্ত জানান সালাহ। ২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া এই ফরোয়ার্ড বলেন, “দুর্ভাগ্যজনকভাবে সেই দিনটি চলে এসেছে… এই মৌসুম শেষে আমি লিভারপুল ছাড়ব।”

পুরো মৌসুমজুড়েই সালাহর ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছিল। নতুন কোচ আরনে স্লটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং একাধিক ম্যাচে বেঞ্চে বসে থাকার বিষয়টি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এক পর্যায়ে হতাশা প্রকাশ করে সালাহ বলেন, “আমাকে বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে।”

মাঠের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১০ গোল করেছেন তিনি, যা লিভারপুল ক্যারিয়ারে তার সর্বনিম্ন হওয়ার পথে।

বিদায়ী বার্তায় সালাহ বলেন, লিভারপুল শুধু একটি ক্লাব নয়, এটি তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শহর, ক্লাব ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আপনারা আমাকে জীবনের সেরা সময়গুলো উপহার দিয়েছেন… আমি সবসময় আপনাদের একজন হয়ে থাকব।”

সালাহর ঘোষণার পর এক বিবৃতিতে লিভারপুল জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌসুম শেষে অ্যানফিল্ডে তার বিদায় উপলক্ষে বিশেষ আয়োজন করা হবে।

লিভারপুলের জার্সিতে এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করেছেন সালাহ। ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন। তার সামনে রয়েছেন ইয়ান রুশ (৩৪৬) ও রজার হান্ট (২৮৫)।

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি দলীয় সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। লিভারপুলের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ, ইএফএল কাপ এবং কমিউনিটি শিল্ডসহ একাধিক শিরোপা।

আরও পড়ুন: লিপুর বিদায়, বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার

তবে বিদায়ের ঘোষণা দিলেও সালাহর পরবর্তী গন্তব্য এখনও নিশ্চিত হয়নি। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোর আগ্রহের কথাও শোনা যাচ্ছে। এখন দেখার বিষয়, লিভারপুল অধ্যায়ের পর কোথায় পাড়ি জমান এই কিংবদন্তি তারকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়