বোথামকে ছাড়িয়ে ইংল্যান্ড সেরা অ্যান্ডারসন
ঢাকা: টেস্টে ১০০তম ম্যাচ খেলার দিনে কিংবদন্তি ইয়ান বোথামের ৩৮৩ উইকেটের মাইলফলক ছাপিয়ে ইংল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী হওয়ার গৌরব অর্জন করলেন জেমস অ্যান্ডারসন।
শুক্রবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের শেষ দিনে দিনেশ রামদিনকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে নতুন রেকর্ড গড়েন ৩২ বছর বয়সী বার্নলি প্রতিভা। যিনি ৩৮০ উইকেট নিয়ে সিরিজ শুরু করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে চার উইকেট দখল করে নতুন উচ্চতায় ওঠেন জিমি।
এর আগে ২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডস টেস্টে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। তবে ইংল্যান্ড পেসারের নাম-খ্যাতি লাভ ২০১১ সালে। সেবার অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে দেশকে ট্রফি উপহার দেন তিনি। এরপর বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানও দখল করেন অ্যান্ডারসন।
টেস্টে ইংল্যান্ডের সেরা তিন বোলার:
১. জেমস অ্যান্ডারসন- ৩৮৪ উইকেট, ১০০ ম্যাচ
২. ইয়ান বোথাম- ৩৮৩ উইকেট, ১০২ ম্যাচ
৩. বব উইলিস- ৩২৫ উইকেট, ৯০ ম্যাচ
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








