News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৮, ১৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৫, ১৮ জানুয়ারি ২০২০

সেঞ্চুরিতে চোখ বার্সা ত্রয়ীর

সেঞ্চুরিতে চোখ বার্সা ত্রয়ীর

ঢাকা: গ্যারেথ বেল ২০১৩ সালে হোয়াইট হার্ট লেন থেকে সান্টিয়াগো বার্নাব্যুতে ঘাঁটি গাড়ার পর থেকেই বার্সেলোনা টিম ম্যানেজম্যান্টের কান ঝালাপালা। রিয়াল মাদ্রিদের বিবিসির (বেল, বেনজেমা ও ক্রিশ্চিয়ানো) পরিবর্তে কী অ্যান্টিডোট গ্রহণ করবে ন্যু ক্যাম্পের অধিবাসীরা? এরপর অনেকটা বাধ্য হয়েই প্রতিষেধক হিসেবে লিভারপুল থেকে লুইস সুয়ারেজকে উড়িয়ে আনে কাতালনিয়ার দৈত্যরা। সেটা ২০১৪ সালের ঘটনা।

কিন্তু শুরুতে বার্সার তারার একাদশে ঠিকঠাক জ্বলে উঠতে পারছিলেন না নেইমার ও সুয়ারেজ দু জনই। অথচ চিরপ্রতিদ্বন্দ্বী শিবিরের রোনালদো, বেল, বেনজেমা গোলের পর গোল করে চলেছেন। অবশ্য এই বছর চিত্রটা পাল্টে গেছে। রিয়ালের বিবিসিকে টেক্কা দিয়ে সেঞ্চুরির পথে হাঁটছে এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) মিসাইল।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় বার্সার প্রধান তিন আক্রমণ কুশিলব ৯১ গোল করেছেন। একই সময় রিয়ালের বিবিসির পায়ে দেখা গেছে ৮৮টি গোল। এখন গোলের সেঞ্চুরি পূরণের জন্য হাতে সম্ভাব্য আরো ১২ ম্যাচ পেতে পারে এমএসএন। সেক্ষেত্রে যদি মেসির নেতৃত্বাধীন আক্রমণ ভাগ তা করে দেখাতে পারে তাহলে সেটা ক্লাবটির ইতিহাসে ঠাঁই পাবে। এর আগে ২০০৮-০৯ মৌসুমে মেসি, ইতো ও ইব্রাহিমোভিচ মিলেও ১০০ গোল করেছিল। যা তিন আক্রমণ জুটির সর্বোচ্চ।

প্রসঙ্গত, স্প্যানিশ লা লিগায় এক মৌসুমে ত্রয়ী ফরোয়ার্ডের সবচেয়ে বেশি গোলের নজির রিয়াল মাদ্রিদের। ২০১১-১২ মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো (৬০), করিম বেনজেমা (৩২) ও গনজালো হিগুয়েন (২৬) মিলে ১১৮ গোল করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়