হোল্ডারের সেঞ্চুরিতে অ্যান্টিগা টেস্ট ড্র
ঢাকা: একই দ্বীপপুঞ্জ, ভিন্ন ভেন্যু, একই রেজাল্ট।
ছয় বছর আগে অ্যান্টিগা রিক্রিয়েশন গ্রাউন্ডে নয় উইকেট হারানোর পরেও ঘটনাবহুল দিনে ইংল্যান্ডকে হতাশ করেছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। দুই লোয়ার অর্ডার ব্যাটার ড্যারেন পাওয়েল আর ফিদেল এডওয়ার্ডসের প্রতিরোধে ড্র হয়েছিল আলোচিত টেস্টটি।
এবার শেষ উইকেট জুটির দিকে তাকিয়ে থাকতে হয়নি ওয়েস্ট ইন্ডিজকে। ২৩ বছর বয়সী অলরাউন্ডার জেসন হোল্ডারের অপরাজিত সেঞ্চুরি বাঁচিয়ে দিয়েছে ক্যারিবিয়ানদের। অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি নিস্ফলাই থেকেছে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১০.৪ ওভার ব্যাট করে ৩৯৯ রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। ১৪৩ রান করেছিলেন ইয়ান বেল। আর ৮৩ রান এসেছিল জো রুটের ব্যাট থেকে। উইন্ডিজের কেমার রোচ চারটি উইকেট শিকার করেন।
এর জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১১৩ ওভার ব্যাট করে ২৯৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১১২ রান করে জার্মেইন ব্লাকউড। চার উইকেট নেন ইংলিশ স্পিনার জেমস ট্রেডওয়েল। ফলে প্রথম ইনিংসেই ১০৪ রানের লিড পায় কুক বাহিনী।
ইংল্যান্ড নিজেদের দ্বিতীয় ইনিংসে পুরো সময় ব্যাট করেনি। ৮৬ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৩৩৩ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তারা। ১২২ রান করেন গ্যারি ব্যালান্স। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন জেরোম টেলর ও সুলেমান বেন।
ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৩৮ রান। এর জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ৮০তম ওভারে। কিন্তু সপ্তম উইকেটে গিয়ে দিনেশ রামদিন ও জেসন হোল্ডার জুটি দারুণ প্রতিরোধ গড়ে। ৫৭ রান করে ফেরেন রামদিন।
তবে কেমার রোচ ১০৩ রান করে অপরাজিত থেকে দলকে ড্র উপহার দিয়েই মাঠ ছাড়েন। ব্যাটে-বলে দ্যুতি ছড়িয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন ক্যারিবিয়ানদের ওয়ানডে অধিনায়কই। প্রসঙ্গত, এদিন ইয়ান বোথামের ৩৮৩ উইকেটের মাইলফলক ছাপিয়ে টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারীতে পরিণত হন জেমস অ্যান্ডারসন।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








