News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:১৫, ১৮ জানুয়ারি ২০২০

আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে নতুন শুরু পাকিস্তানের

আত্মবিশ্বাসী বাংলাদেশের বিপক্ষে নতুন শুরু পাকিস্তানের

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে একেবারে যাচ্ছেতাই পরিসংখ্যান বাংলাদেশের।

এখন পর্যন্ত ক্রিকেটের তিন ফরম্যাটে পাকদের বিপক্ষে মোট ৪৭ বার মাঠে নেমেছে টাইগাররা। তাতে মাত্র একটি জয় লাল-সবুজ জার্সিধারীদের। সেটাও ১৯৯৯ সালের বিশ্বকাপে। প্রায় ১৬ বছর আগে। ইংল্যান্ডের নরদাম্পটনে খালেদ মাহমুদ সুজনের অলরাউন্ড পারফরম্যান্সে ওয়াসিম আকরামের দলকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর ওয়াকার-ইনজির উত্তরসূরিদের বিপক্ষে টানা ২৫ ওয়ানডে হেরেছে ক্রিকেটের নবীনতম সদস্যরা।

এসব পরিসংখ্যান বিবেচনায় আনলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে নিরঙ্কুশ ফেভারিট পাকিস্তান। কিন্তু নতুন আরেকটি সিরিজ শুরুর আগে চিত্রটা ঠিক এর উল্টো। কারণ, বিশ্বকাপের পর পাকিস্তান দল থেকে বিদায় নিয়েছেন দলটির দুই অভিজ্ঞ মুখ মিসবাহ উল হক ও শহীদ আফ্রিদি। ইনজুরিতে আসন্ন সিরিজ থেকে ছিটকে গেছেন ইয়াসির শাহ, জুনায়েদ খান ও শোয়েব মকসুদরা। দলে নেই উমর আকমল ও আহমেদ শেহজাদের মতো পরীক্ষিত সেনারাও। সবমিলিয়ে শুক্রবারের মিরপুরে পাকদের নতুন একটি প্রজন্মের শুরু হচ্ছে বলা যায়।

সেই তুলনায় বাংলাদেশের জন্য দৃশ্যপটটা একেবারেই আলাদা। বিশ্বকাপ বদলে দিয়েছে টাইগার শিবিরকে। আত্মবিশ্বাস, শরীরী ভাষা ও মাঠের পারফরম্যান্সে স্পষ্ট ছাপ রয়েছে তার। এর সাথে ভারসম্যপূর্ণ একটি স্কোয়াডের অভিজ্ঞতা যোগ করুন। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজার সাথে যোগ করুন নতুন রক্ত রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও সৌম্য সরকারদের উপস্থিতি। সেজন্য স্বাস্থ্যকর ফুরফুরে একটি হাওয়া বইছে স্বাগতিক শিবিরে।

এটাকে পুঁজি করেই সাকিব বারবার ঘোষণা দিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে আমরাই ফেভারিট। ওয়ানডে দলের সহ-অধিনায়কের কথাটা যে একেবারে ফ্লুক নয় তার বড় প্রমাণ ফতুল্লার প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে পূর্ণ শক্তির পাকিস্তান দলের হার। সুতরাং শুক্রবার শুরু হতে চলা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে আলাদা ধরনের রোমাঞ্চের জন্য প্রস্তুতি নিতেই পারেন ক্রীড়ামোদীরা।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়