তারপরও চ্যালেঞ্জ জানাতে চায় পাকিস্তান
ঢাকা: বিশ্বকাপের পর পাকিস্তান দল থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হক। ওয়ানডে দলে জায়গাই হয়নি ওমর আকমল ও আহমেদ শেহজাদদের। ইনজুরি কেড়ে নিয়েছে শোয়েব মকসুদ, সোহেল খান ও ইয়াসির শাহদের। এরপর বাংলাদেশে পৌঁছে গা গরমের ম্যাচে বিসিবি একাদশের কাছেই হেরেই গেছে নতুন খোলসের পাকিস্তান। কিন্তু তারপরও বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে স্বাগতিকদের প্রতিদ্বন্দ্বিতা জানাতে চায় পাক অধিনায়ক।
বৃহস্পতিবার দুপুরে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক আজহার আলি বলেন, “আমাদের অধিকাংশ ক্রিকেটার তরুণ। তাদের অভিজ্ঞতা কম। সেজন্য অধিনায়ক হিসেবে আসন্ন সিরিজটা আমার জন্য বড় একটা চ্যালেঞ্জ। তবে আমাদের বোলিং ব্রিগেড দারুণ আস্থশীল এবং বিশ্বমানের। সেজন্য মনে হয়না আসন্ন সিরিজে আমাদের কোনো সমস্যা হবে।” প্রস্তুতি ম্যাচে হার নিয়ে পাক অধিনায়কের বক্তব্য, “প্রস্তুতি ম্যাচ গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা তো আর আসল ম্যাচ নয়। দেখতে হবে আমাদের প্রস্তুতিটা কেমন হল। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়, ভালোই প্রস্তুতি হয়েছে। ব্যাটসম্যানরা ছন্দ দেখাতে পেরেছে।”
সাম্প্রতিক ক্রিকেটে সম্ভ্রম জাগাতে পেরেছে বাংলাদেশ। সেটা পারফরম্যান্স দিয়েই। এই বিষয়টি চোখ এড়ায়নি আজহারেরও। তিনি বলেন, “গত কয়েক মাসে অনেক ভালো ক্রিকেট খেরেছে বাংলাদেশ। তাদের ক্রিকেট অনেক উন্নতি করেছে। বিশ্বকাপেও দ্যুতি ছড়িয়েছে তারা। কিন্তু আমি আশা করছি আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








