বাংলাদেশকে ফেভারিট মানছেন ওয়াকারও
ঢাকা: গেল বিশ্বকাপে একটা ইউনিট হিসেবে খেলেছে বাংলাদেশ। সেই তুলনায় বেশ বিবর্ণ ছিল মিসবাহ উল হকের পাকিস্তান। অবশ্য উপমহাদেশের দুই দলই ক্রিকেট মহাযজ্ঞের কোয়ার্টার ফাইনালে খেলেছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও অন্যান্য কিছু বিষয় বিবেচনায় নিয়ে স্বাগতিক বাংলাদেশকেই ফেভারিট বলে রায় দিচ্ছেন সফরকারী দলের কোচ ওয়াকার ইউনিস।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াকার বলেন, “আমার মনে হয় আসন্ন সিরিজে বাংলাদেশই ফেভারিট। এতে আমাদের মনে করার কিছু নেই। তাদের (বাংলাদেশের) আন্তর্জাতিক মানের বেশ কয়েক জন ক্রিকেটার রয়েছেন। আর তরুণ ক্রিকেটার যারা এসেছেন তারাও অনেক ভালো।” আজমল ইস্যুতে সাবেক পাকিস্তান অধিনায়ক আরো যোগ করেন, “আজমল যখন মাঠে থাকে, তার ওপর অনেক প্রত্যাশা থাকেই। সেটাই স্বাভাবিক। কেননা দলের খারাপ সময়ে দারুণ বোলিং করে দৃশ্যপট বদলে দেয়ার ক্ষমতা তার রয়েছে।”
শহীদ আফ্রিদি ও মিসবাহ উল হকের মতো ক্রিকেটার অবসরে গেছেন বিষয়টি সমস্যার সৃষ্টি করবে কিনা এই বিষয়ে ওয়াকার বলেন, “এটা খুবই স্বাভাবিক। সিনিয়র খেলোয়াড়রা চলে গেলে একটা শূন্যতার সৃষ্টি হয়। সুতরাং তাদের না থাকাটা পাকিস্তানকে ভোগাতে পারে। কিন্তু নতুনদের নিয়েও আশাবাদী আমি।” ১৬ বছর ধরে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ- এই বিষয়টি সামনে নিয়ে আসা হলেও বাংলাদেশের অগ্রগতিকে খাটো করে দেখতে চাননি তিনি। বরং পাক কোচ বলছেন, “৯৯ সালের বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেই আমাদের হারিয়েছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে গেছে। সেজন্য আসন্ন সিরিজে তারাই ফেভারিট।”
নিউজবাংলাদেশ.কম/এসএস/এফকে
নিউজবাংলাদেশ.কম








