News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

৫ বছরের জন্য নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলি আক্তার: আইসিসি

৫ বছরের জন্য নিষিদ্ধ নারী ক্রিকেটার সোহেলি আক্তার: আইসিসি

ফাইল ছবি

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।

বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সোহেলি আক্তার এই ৫ বছর ক্রিকেটীয় সব কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ থাকবেন। নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে।

আইসিসি আরও জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটার সোহেলি আক্তার খেলোয়াড়বিধির মোট ৫টি নিয়ম লঙ্ঘণ করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়কার। 

আরও পড়ুন: আল নাসরে আরও ১ বছর চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর

এদিকে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সোহেলি আক্তার আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘন করেছে। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বীকার করেছেন। এরপর তাকে এই নিষেধাজ্ঞা দেয় আইসিসি।

ধারাগুলোর মধ্যে রয়েছে, আন্তর্জাতিক ম্যাচে ফল বা প্রক্রিয়াকে প্রভাবিত করা ও ইচ্ছাকৃতভাবে খারাপ পারফর্ম করা। ম্যাচকে প্রভাবিত করতে কোনো চুক্তি বা পক্ষ হওয়া। জুয়া বা অন্য কোনো উদ্দেশে ম্যাচের কোনো নির্দিষ্ট ঘটনা ঘটার জন্য কোনো কিছু চাওয়া, গ্রহণ করা বা প্রস্তাব দেয়া। ফিক্সিংয়ের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনুরোধ করা বা প্ররোচিত করা।

এছাড়া, ফিক্সিংয়ের জন্য প্রস্তাব পাওয়ার পর তা দুর্নীতি দমন ইউনিটকে না জানানো। অভিযোগ তদন্তে বাধা বা বিলম্ব করা, নথিপত্র বা অন্যান্য তথ্য গোপন করার মতো ধারাও রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়