News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১২, ৮ এপ্রিল ২০২৬

১৪ বছর পর রিয়ালকে হারাল বায়ার্ন

১৪ বছর পর রিয়ালকে হারাল বায়ার্ন

ছবি: সংগৃহীত

১৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় পেল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার দিবাগত রাতে রিয়ালকে ২-১ গোলে হারিয়েছে জার্মান ক্লাবটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য দেখায় বায়ার্ন। যদিও বল দখলে তুলনামূলক এগিয়ে ছিল রিয়াল (৫২%), তবে আক্রমণে বেশি কার্যকর ছিল বাভারিয়ানরা।

ম্যাচের ৪১তম মিনিটে সার্জে গ্যানাব্রির পাস থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লুইস দিয়াজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হ্যারি কেন। মাইকেল অলিসের পাস থেকে বক্সের কোণা থেকে দারুণ শটে গোল করেন এই ইংলিশ স্ট্রাইকার। এটি চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেনের ৪৯তম গোল এবং চ্যাম্পিয়নস লিগে ১১তম।

গোল শোধে মরিয়া হয়ে ওঠা রিয়ালকে বেশ কয়েকবার হতাশ করেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের একাধিক আক্রমণ দক্ষতার সঙ্গে প্রতিহত করেন তিনি। তবে ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের ক্রস থেকে এমবাপ্পে গোল করলে ব্যবধান কমে ২-১ হয়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন: বুলবুলের বোর্ড ভেঙে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

ম্যাচ শেষে হ্যারি কেন বলেন, আমরা দারুণ ফুটবল খেলেছি। ফিনিশিং আরও ভালো হতে পারত, তবে জয় পেয়ে আমি খুশি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়