News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ৭ এপ্রিল ২০২৬

ফ্রান্সে এক ম্যাচে ২৪ লাল কার্ড

ফ্রান্সে এক ম্যাচে ২৪ লাল কার্ড

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক ম্যাচে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখানোর নজিরবিহীন ঘটনা ঘটেছে। আঞ্চলিক ডার্বিকে কেন্দ্র করে সৃষ্ট ভয়াবহ বিশৃঙ্খলার জেরে রেফারি এই কঠোর সিদ্ধান্ত নেন।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, মোরবিহাঁ অঞ্চলের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে অ্যাভেনির দ্য গিলিয়ের ও ইন্ডিপেনড দ্য মোর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও, আসল ঘটনা ঘটে শেষ বাঁশি বাজার পর।

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। পরবর্তীতে খেলোয়াড়দের পাশাপাশি এক অভিভাবকও এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ফরাসি সংবাদমাধ্যম ‘ওয়েস্ট-ফ্রান্স’ জানায়, মোরঁ দলের এক খেলোয়াড়ের বাবা মাঠে ঢুকে ছেলেকে রক্ষা করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে মারামারি ভয়াবহ আকার ধারণ করে এবং তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে রেফারি অভূতপূর্ব সিদ্ধান্ত নেন। ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকেই লাল কার্ড দেখানো হয়। এর মধ্যে গিলিয়ের দলের ১৩ জন এবং মোরঁ দলের ১১ জন খেলোয়াড় ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেটে দায়িত্ব পেলেন যারা

ঘটনাটি স্থানীয় ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট দুই ক্লাবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়