বৈশাখে হোক ইলিশপাতুরি, লইট্টা-বেগুন ভর্তা আর কাচা আমের সালাদ
ছবি: সংগৃহীত
বৈশাখ মানেই বাংলা নতুন বছরের প্রথম মাস। এ মাসের প্রথম দিন বছরের প্রথম হওয়ায় সবাই চায় খাবার টেবিলে শতভাগ বাঙ্গালিয়ানার স্বাদ। পান্তা ভাতের সাথেই, ইলিশ নানা পদ বিশেষ করে ভাজি বা পাতুরি আর নানা রকম ভর্তা। এরমধ্যে বেগুন, টাকি মাছ ও লইট্টা শূটকীর ভর্তা প্রায় সবারই পছন্দ। সাথে থাকতে পারে কাচাআমের পদ। বাড়িতেই করতে পারেন এসবের আয়োজন।
কলাপাতায় ইলিশ পাতুরি
উপকরণ: ইলিশ মাছ রিং পিস করে কাটা ছয় পিস, আদা ও রসুন বাটা এক চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, হলুদ গুঁড়া-মরিচ গুঁড়া-ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, জিরা গুঁড়া আধা চা চামচ, সরিষা বাটা দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল চার টেবিল চামচ, কাঁচামরিচ ফালি সাত-আটটি এবং কচি কলাপাতা বাঁধার জন্য।
প্রস্তুত প্রণালি: ইলিশ মাছ রিং পিস করে কেটে নিন। মাছ ভালো করে ধুয়ে আলাদা পাত্রে রাখুন। আদা ও রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে কচি কলাপাতায় ভালো করে বেঁধে ভাপে ১০-১৫ মিনিট রান্না করুন। হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।
বেগুন ভর্তা
উপকরণ: বেগুন ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি চার টেবিল চামচ, শুকনা মরিচ ভাজা ছয় থেকে সাতটি, লবণ স্বাদমতো, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: বেগুন ধুয়ে সরিষার তেল লাগিয়ে মাঝে সামান্য কেটে নিন। পরে মাঝারি আঁচে বেগুন এপিঠ-ওপিঠ করে চুলায় পুড়ে নিন। ঠান্ডা হলে ওপরের খোসা ফেলে এক ইঞ্চি পরিমাণ লম্বা করে কাটুন। এবার বাটিতে শুকনা মরিচ ভাজা আর লবণ দিয়ে গুঁড়া করে নিন। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে ভর্তা করে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন।
কাঁচা আমে গরমে স্বস্তি, আছে নানা স্বাস্থ্য উপকারিতা
লইট্টা শুঁটকির লাড়া
উপকরণ: লইট্টা শুঁটকি ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি দুই কাপ, রসুন কুচি এক কাপ, কাঁচামরিচ ৮-১০টি, তেজপাতা দুটি, আদা ও রসুন বাটা এক চা চামচ, হলুদ-মরিচ-ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, লবণ স্বাদমতো, সয়াবিন তেল দুই কাপ, জিরা গুঁড়া দুই চা চামচ।
প্রস্তুত প্রণালি: লইট্টা শুঁটকি টুকরো করে কেটে সামান্য ভেজে নিন। পরে চুলা বন্ধ করে পানি দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন কুচি, শুঁটকি দিয়ে সামান্য ভেজে নিন। লবণ, আদা, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, পানি দিয়ে নেড়ে নিন। পরে জিরা গুঁড়া, কাঁচামরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন।
কাঁচা আমের সালাদ
উপকরণ: কাঁচা আম চারটি, চিনি বা গুড় চার চা চামচ, কাসুন্দি চার চা চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ স্বাদমতো, লেবু পাতা দুটি, কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: আম খোসা ফেলে কুচি করে কেটে নিন। পরে বাটিতে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। শেষে লেবু পাতা ছিঁড়ে দিয়ে আবার মাখিয়ে কলাপাতায় পরিবেশন করুন।
নিউজবাংলাদেশ.কম/এনডি








