News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:১৮, ৪ এপ্রিল ২০২৬

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ছবি: সংগৃহীত

দুর্দান্ত লড়াই শেষে টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। 

শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময় গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

টাইব্রেকারের পঞ্চম শটে প্রবাসী ফুটবলার রোনান সুলিভানের সফল কিকেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।

ম্যাচের প্রথমার্ধে তুলনামূলক আধিপত্য দেখায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে আসে ভারত। বল দখল ও আক্রমণে এগিয়েও বাংলাদেশের রক্ষণভাগ এবং গোলরক্ষক মাহিনকে তেমন চাপে ফেলতে পারেনি ভারত। অন্যদিকে বাংলাদেশও পাল্টা আক্রমণে কয়েকটি ভালো সুযোগ তৈরি করে।

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিট পর মাঠে নামেন রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভান। ডান প্রান্ত ধরে একাধিক কার্যকর আক্রমণ গড়ে তোলেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে দূর থেকে ভাই রোনানের উদ্দেশে দারুণ একটি পাস দেন ডেকলান। ভারতের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল পেয়ে শট নিলেও তা প্রতিহত করেন ভারতীয় গোলরক্ষক।

ম্যাচজুড়ে দুই দলই গোলের জন্য মরিয়া চেষ্টা চালায়। বাংলাদেশের গোলরক্ষক মাহিন কয়েকবার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে পরিস্থিতি সামাল দেন। যদিও দু-একবার বল পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন, তবু বড় কোনো বিপদ ঘটেনি। অন্যদিকে বাংলাদেশও প্রতিপক্ষের বক্সে একাধিক আক্রমণ গড়লেও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি।

আরও পড়ুন: আকাশছোঁয়া দামে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট

মালের স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে গ্যালারিতে ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি। ছুটির দিনে মাঠে এসে তারা দলকে প্রাণভরে সমর্থন জানান।

শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের পরীক্ষায় জয়ী হয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নের মুকুট পরে বাংলাদেশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়