News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩০, ১৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০৫:৪৫, ১৯ জানুয়ারি ২০২০

রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে জিতল আম্বার স্পোর্টিং

রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে জিতল আম্বার স্পোর্টিং

ঢাকা: আত্মবিশ্বাসী ব্যাটিং আর দায়িত্বশীল ফিল্ডিং করে আসিফ সাফা ক্রিকেট একাডেমিকে ৬ রানে হারিয়েছে আম্বার স্পোর্টিং ক্লাব (এএসসি)। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে আম্বারের ছুড়ে দেয়া ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৮০ রানে গুটিয়ে যায় আসিফ সাফা ক্রিকেট একাডেমি।

রোববার রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে তৃতীয় বিভাগের প্রথম লেগের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আম্বার স্পোর্টিং ক্লাব।

তাদের করা ১৮৬ রানের জবাব দিতে নেমে আসিফ সাফা ক্রিকেট একাডেমির ওপেনিং ব্যাটসম্যান  শরিফুল আলম ২৩ বলে ৪টি বাউন্ডারির সাহায্যে ২০ রান করে সাজ ঘরে ফেরেন। তার সঙ্গী ওপেনার রেজওয়ান ৮৬ বলে ২টি বাউন্ডারির মাধ্যমে ৪২ রান তুলে সাজঘরে ফেরেন।

বল হাতে আম্বার স্পোটিং ক্লাবের পক্ষে ইসতাকুল ৮ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। এছাড়া বিপ্লব সরকার ৮ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট, মোজাম্মেল ৭ ওভারে ২০ রান দিয়ে ১ ইউকেট তুলে নেন। তাছাড়া মমতাছির ৫ ওভারে ৩৩ রান, সালেউর ৫ ওভারে ১৮, রফিকুজ্জামান ২ ওভারে ৯ রান দেন।

এর আগে দিনের শুরুতে নিজেদের ব্যাটিংয়ে নির্ধারিত ৪০ ওভারে আট উইকেটের বিনিময়ে ১৮৬ রান সংগ্রহ করে তারুণ্যনির্ভর এএসসি। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন অধিনায়ক বিদ্যুৎ।

ওপেনিং জুটির পতনের পর দলের হাল ধরতে মাঠে নামেন মাহমুদুল বারী। তিনি ৪০ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ রান সংগ্রহ করে আউট হন। মেহেদী হাসান ৭ বলে ৬ রান, রেজাউল হক ১৩ বলে ১১, ইমাম হোসেন ২২ বলে ১৯, রিয়াজ উদ্দিন ১৭ বলে ১৬, মিয়া শরীফ ৫ বলে ৩ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন। তবে ১৬ বলে ১৭ রান করে আবু সালেহ এবং ৩ বলে ৭ রান করে রোকন মিয়া অপরাজিত ছিলেন।  

আম্বারের ইনিংসে দ্রুত ওপেনিং জুটির পতনের পর দলের হাল ধরেন অধিনায়ক বিদ্যুৎ। আটটি চারের সাহায্যে ৯০ বল মোকাবেলা করে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ রান সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেন আহমেদুল ওয়াহিদ। তিনি ২৭ বল মোকাবেলা করে তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৩৬ রান সংগ্রহ করেন।

ওপেনিং করতে নেমে রফিকুজ্জামান ব্যক্তিগত ৩৬ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৮ রান সংগ্রহ করে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার মোজাম্মেল হোসেন সানি আট বলে এক রান করে ক্যাচ আউট হন। এরপর আব্দুল ওয়াহেদ চার বলে কোনো রান না করেই ক্যাচ আউট হন। ১১ বলে দুই রান করে সাজঘরে ফেরেন ফজলে নাঈম। সালেহিন চার বলে একটি বাউন্ডারির সাহায্যে করেন সাত। বিপ্লব পাঁচ বল মোকাবেলা করে দুটি চারের সাহায্যে ১০ করেন। মমতাছির পাঁচ বলে নয় এবং ইশতাবুল সংগ্রহ করেন ১১ বলে নয় রান।

এছাড়া অতিরিক্ত ১৮, বাই দুই, লেগবাই নয়, ওয়াইড ১২ এবং নো বল থেকে এক রান আসে। সবমিলে আম্বার স্পোর্টিং ক্লাবের সংগ্রহ দাঁড়ায় ১৮৬ রান।

ম্যাচ শুরুর আগের অনুশীলনের ফাঁকে আম্বার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক বিদ্যুৎ নিউজবাংলাদেশ.কমকে বলেন, “প্রস্তুতি ভালো। আশা করছি সবাই ভালো খেলতে পারলে অবশ্যই জিতব।”

মাঠে আম্বার স্পোর্টিংয়ের ম্যানেজার জিয়াউর রহমান তপুর সঙ্গে কথা হলে তিনিও বেশ আত্মবিশ্বাসের সুরে বলেন, “প্রস্তুতি যেহেতু ভালো, আশা করছি ছেলেরা ভালো খেলবে। বাকিটা ম্যাচ শেষে বোঝা যাবে।”

উল্লেখ্য, প্রথম লেগের দ্বিতীয় ম্যাচটি ৫০ ওভারে হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তা কমিয়ে ৪০ ওভার করার ঘোষণা দেন প্রধান আম্পায়ার মোজাহিদুজ্জামান স্বপন ও সহকারী আম্পায়ার বরকতু্ল্লাহ তুর্কী।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ/এএইচকে/একে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়